নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পাঁচদিনের মাথায় এক জলাশয় থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের পচাগলা দেহ। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোবরডাঙা থানার মছলন্দপুরের উত্তর বেতপুল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মানিক দে (৫০)। এই ঘটনায় মৃতের বন্ধু শুভঙ্কর দাস ও তাঁর স্ত্রী মালা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক ও শুভঙ্কর, পেশায় দু’জনেই গাড়ির চালক। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে নিখোঁজ হন মানিকবাবু। বুধবার দুপুরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সেই রাতেই গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মৃতের পরিবারের অভিযোগ, মানিকবাবু শুভঙ্কর দাসের বাড়িতে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের দাবি, পরিকল্পনা করে খুন করা হয়েছে মানিকবাবুকে। মৃতের মেয়ে পূজা রায়ের অভিযোগ, তাঁদের একটি বাড়ি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিলেন শুভঙ্কর ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু তাঁরা বাড়িটি দিতে রাজি হননি। সেই আক্রোশ থেকেই বাবাকে খুন করা হয়েছে। তাঁরা আগেই শুভঙ্কর দাসের বিরুদ্ধে মানিকবাবুকে অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে শুভঙ্করকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। অবশেষে রবিবার সকালে শুভঙ্করের বাড়ি লাগোয়া একটি জলাশয় থেকে মানিকবাবুর পচাগলা দেহ উদ্ধার হয়। গোবরডাঙা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
গোবরডাঙা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা খুনের কারণ নিয়ে মুখ খোলেননি। তবে জানা গিয়েছে, মঙ্গলবার মদ খেয়ে একাধিকবার শুভঙ্করদের বাড়িতে গিয়েছিলেন মানিক। তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। শুভঙ্কর জেরায় স্বীকার করেছেন যে, শেষে তাঁরা মানিককে বেঁধে রাখেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রসঙ্গত, নিহত মানিকবাবুর স্ত্রীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। তাঁর বড়ো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সামনেই রয়েছে ছোটো মেয়ের বিয়ে। তার মধ্যে এমন ঘটনায় শোকগ্রস্ত পরিবারের সদস্যরা। নিজস্ব চিত্র



