Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁকরাইল: হোলিতে কোচিং সেন্টারের হস্টেল থেকে উদ্ধার ঘাটালের ছাত্রীর দেহ

শুক্রবার দোলের সকালে সাঁকরাইলের একটি বেসরকারি নিট কোচিং সেন্টারের হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস।

সাঁকরাইল: হোলিতে কোচিং সেন্টারের হস্টেল থেকে উদ্ধার ঘাটালের ছাত্রীর দেহ
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার দোলের সকালে সাঁকরাইলের একটি বেসরকারি নিট কোচিং সেন্টারের হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতার নাম সানিয়া খাতুন (১৮)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ময়নাতদন্তের পর এদিন মৃতার দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানসিক অবসাদের কারণেই ওই তরুণী আত্মঘাতী হতে পারেন বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিস। 

Advertisement

মাস চারেক আগে ঘাটাল থেকে সাঁকরাইলের মানিকপুরের রঘুদেববাটিতে একটি বেসরকারি নিট পরীক্ষার কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন সানিয়া । সেখানেই হোস্টেলে থাকতেন তিনি। কিন্তু পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সম্প্রতি তিনি বাড়িতেও ফিরে গিয়েছিলেন। কিছুদিন আগে ফের কোচিং সেন্টারে ফেরেন। শুক্রবার সকালে হস্টেলের অন্যান্য ছাত্রী কোচিং সেন্টারে পড়তে গেলেও সানিয়া যাননি। পরে বাকিরা ফিরে এসে তাঁর ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখেন। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় স্থানীয় মানিকপুর ফাঁড়িতে খবর দেওয়া হয়। এরপর পুলিস এসে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সাঁকরাইলের এই আবাসিক কোচিং সেন্টারে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। নাম মাত্র খরচে সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে এখানে আসেন বিভিন্ন জেলার ছাত্র-ছাত্রীরা। সাঁকরাইল থানার পুলিস জানিয়েছে, পড়াশোনার অতিরিক্ত চাপ নিতে না পেরেই হয়তো তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তেমনটাই অনুমান কোচিং সেন্টার কর্তৃপক্ষেরও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ