নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার সকালে চাঁপদানি খাল থেকে মিলল চুঁচুড়ার জলসাথী সুরেন্দ্র সাহানির মৃতদেহ। এদিন ভদ্রেশ্বর থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। দুপুরের পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, সুরেন্দ্রর এমন মৃত্যুকে ঘিরে শোকাচ্ছন্ন এলাকাবাসীরা। জলসাথী সুরেন্দ্র নিজে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন। কোথাও কেউ জলে তলিয়ে গেলেই দক্ষ সাঁতারু, উদ্ধারে দক্ষ সুরেন্দ্রর ডাক পড়ত। বহুবার মানুষকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন যিনি, সেই সুরেন্দ্রর সলিলসমাধি মানতে পারছেন না পরিচিতরা। রবিবার শোকপ্রকাশ করেছেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অনেকেই। তপন, অসিতবাবুরা বলেন, সুরেন্দ্রর এই পরিণতি মানা যায় না।



