Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেয়সদের থাকার ঘর নিয়ে সাফাই বোর্ড কর্তার

ভারতীয় ক্রিকেটারদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ থাকে। বিদেশে খেলতে গেলে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয় পাঁচতারা হোটেলে

শ্রেয়সদের থাকার ঘর নিয়ে সাফাই বোর্ড কর্তার
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট বরাদ্দ থাকে। বিদেশে খেলতে গেলে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করা হয় পাঁচতারা হোটেলে। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের থেকে তাই এটাই প্রত্যাশিত। কিন্তু বাধ সেধেছে এশিয়ান গেমস। ভারতীয় ক্রিকেট দলের জন্য যে হোটেলের ব্যবস্থা করা হয়েছে, তা বেশ নিম্নমানের। ঘরগুলো খুবই ছোটো ছোটো। ক্রিকেটারদের কিটব্যাগ রাখার মতোই জায়গা নেই বলে দাবি করা হচ্ছে। তা নিয়ে অনেক দেশই অসন্তোষ প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেটাররা শেষ পর্যন্ত কীরকম পরিষেবা পাবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এর মধ্যেই মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, ‘জাপানে হচ্ছে এশিয়া কাপ। আয়োজক দেশই সব ব্যবস্থা করছে। ক্রিকেটারদের জন্য বরাদ্দ হোটেল নিয়ে নানা কথা কানে আসছে। আমরা এসব নিয়ে বেশি ভাবছি না। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। তবে পরিস্থিতির উপর নজর রাখছে বোর্ড। তাছাড়া গেমস ভিলেজে পাঁচতারা পরিষেবা আশা করা অনুচিত। ভারতীয় ক্রিকেটারদের হোটেলে রাখতে হলে ওসাকা বা টোকিও থেকে যাতায়াত করতে হতো। তাতে ক্রিকেটারদের শরীরে থাবা বসাতে পারত ক্লান্তি। এই দিকগুলোও মাথায় রাখতে হচ্ছে। আমাদের কাছে বিকল্প ব্যবস্থা করার উপায় নেই। আমার কাছে যা খবর, তাতে ক্রিকেটাররা আলাদা আলাদা রুম পাবে।’ উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমস খেলতে রওনা হবে টিম ইন্ডিয়া। ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি বন্ধুত্বমূলক ম্যাচ খেলবেন শ্রেয়সরা। ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামবে ভারতীয় দল। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ