পালঘর: বন্য শুকর মারতে মাঝরাতে অভিযানে নেমেছিলেন একদল গ্রামবাসী। দুই দলে ভাগ হয়ে জঙ্গলে তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। আচমকা গুলির শব্দ। গোটা জঙ্গল কাঁপিয়ে আর্ত চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন দু’জন। তাঁদের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অন্যজন গুরুতর জখম হন। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালে তাঁরও মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও পুলিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, বন্য শুকর ভেবে ভুলবশত ওই দু’জনের উপর গুলি চালান শিকার সঙ্গীরাই। মহারাষ্ট্রের পালঘরে ক’দিন আগে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনা ধামাচাপা দিতে জঙ্গলেই মৃতের দেহ লুকিয়ে রাখা হয়েছিল। বুধবার পুলিস সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি রাতের ওই ঘটনায় পুলিস ছ’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এফআইআরও দায়ের করা হয়েছে। তবে এটি শিকারে গিয়ে নিছক দুর্ঘটনা, না এই হত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।



