নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ডাক না পেয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পোদ্যোগী কৃষ্ণ কল্যাণী। বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক তাঁর ফেসবুক ওয়ালে নিজের ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় একটিও আমন্ত্রণপত্র ইস্যু হয়নি। যা যথেষ্ট দুর্ভাগ্যজনক।’ যদিও জেলা প্রশাসন ও বণিক সংগঠনগুলির দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে জেলা থেকে ১৫ জন শিল্পোদ্যোগী ডাক পেয়েছেন। যাঁদের অনেকেই বুধবার কলকাতায় হাজির হয়েছেন। জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিষেক বসাক বলেন, বিভিন্ন ক্ষেত্রের শিল্পোদ্যোগী ও বণিক সংগঠনের প্রতিনিধিদের আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে নিয়ে যেতে হয়। সেইমতো আমরা মোট ১৫ জন প্রতিনিধিকে নিয়ে গিয়েছি। তাঁদের আমন্ত্রণপত্রও যথা সময়ে পৌঁছে গিয়েছে। তাঁরা ইতিমধ্যে কলকাতায় চলেও গিয়েছেন। কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কোনও কার্ড আমরা পাইনি বলেই, তাঁকে দিতে পারিনি।
Advertisement
সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রসঙ্গে পরে বিধায়ক কৃষ্ণ বলেন,আমি রাজনীতিবিদ, বিধায়ক পরে। আগে একজন শিল্পোদ্যোগী। স্বাভাবিকভাবেই গ্লোবাল বিজনেস সামিটে ডাক না পাওয়া আমার কাছে যথেষ্ট বেদনার। তাই আমি ওই পোস্ট করেছি।



