দিল্লিতে সম্প্রতি ‘বাঙালিয়ানা আনকাট’ শিরোনামে একটি শর্টফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়। ঐতিহ্যবাহী বাঙালি সংগঠন পূর্ব দিগন্তের আয়োজনে একঝাঁক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সিংহভাগই ছিল বাংলা। সঙ্গে ছিল হিন্দি ও ইংরেজি ভাষার স্বল্প দৈর্ঘ্যের কিছু ছবি।সারাদিনের সিনেমা উৎসবে মোট ১০টি ছবি দেখানো হয়। দিল্লির বাঙালিপাড়া চিত্তরঞ্জন পার্কের বিপিন চন্দ্র পাল অডিটোরিয়ামে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত প্রতিটি সিনেমার আগে ও পরে আলোচনায় অংশ নিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা, পরিচালক ও প্রযোজকরা। উদ্যোক্তাদের তরফে শুভাশিস গুপ্ত বলেন, ‘শর্ট ফিল্ম আন্তর্জাতিক দুনিয়ায় এখন জনপ্রিয় মাধ্যম। বাংলা চলচ্চিত্র জগত যে এই মাধ্যমে পিছিয়ে নেই সেটাই বেশি করে প্রচার হওয়া দরকার।’