নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন। ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এই ভোটের পরেই সম্পূর্ণভাবে বাংলার দিকে নজর দিতে চলেছেন মোদি-শাহ জুটি। শুক্রবার বিজেপি সূত্রে জানানো হয়েছে যে, ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ দিল্লি ভোটের ফল প্রকাশের পরেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে দলের কেন্দ্রীয় পার্টি। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়। দলীয় সূত্রের খবর, সংসদে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হলেই রাজ্যে যাবেন অমিত শাহ। ইতিপূর্বে গত ১২ জানুয়ারি সরকারি কর্মসূচিতে তাঁর কলকাতায় যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। দলের অন্দরের খবর, বাজেট অধিবেশনের পর শুধুমাত্র দলীয় কর্মসূচি নিয়েই মোদি সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ড বঙ্গ সফর করবেন। সম্ভাব্য সফরে তিনি বাংলায় প্রকাশ্য সমাবেশও করতে পারেন।



