Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ থেকে শিয়ালদহ নামতেই ৩০ লক্ষের সোনা সহ গ্রেপ্তার ১

বনগাঁ থেকে শিয়ালদহ নামতেই ৩০ লক্ষের সোনা সহ গ্রেপ্তার ১
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বনগাঁ-শিয়ালদহ লোকালে যাত্রী সেজে ঘাপটি মেরে সফর করছিল রাহুল সাঁতরা। বছর পঁচিশের এই যুবকের কাঁধের ঝোলা ব্যাগে ছিল প্রায় ৩৪৯ গ্রাম চোরাই সোনা। যার বাজারদর প্রায় ৩০ লক্ষ টাকা। বনগাঁ সীমান্ত থেকে তা সংগ্রহ করে কলকাতায় নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেই শুক্রবার ট্রেনে উঠেছিল রাহুল। পেট্রাপোলের খালিদপুর গ্রামের বাসিন্দা রাহুল চোরাচালানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রেল পুলিসের। শিয়ালদহ আরপিএফের বিশেষ শাখা ক্রাইম প্রোটেকশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের (সিপিডিএস) কাছে এ ব্যাপারে আগাম খবর আসে। শুক্রবার শিয়ালদহের ৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামতেই অভিযুক্তকে আটক করেন আরপিএফ জওয়ানরা। তার ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় ৩৪৮.৭৯ গ্রাম সোনা। এই সোনার সপক্ষে কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি ওই ব্যক্তি। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার জন্য ধৃতকে শিয়ালদহ জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
অন্যদিকে, শিয়ালদহ ডিভিশন জুড়ে বিভিন্ন সেকশনে অবৈধভাবে লাইন পারাপারের ঘটনা বেড়ে চলেছে। যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মৃত্যু হচ্ছে বহু মানুষের। এই অপ্রীতিকর ঘটনার জেরে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। দুর্ভোগে পড়ছেন লক্ষ লক্ষ ট্রেনযাত্রী। বিভিন্ন স্টেশনে আটকে পড়ছে একের পর এক ট্রেন। ট্রেনের সময়ানুবর্তিতা সংক্রান্ত খামতি প্রকট হচ্ছে। যাত্রীদের একাংশের এই দায়িত্বহীন আচরণের বন্ধ করতে এবার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে শিয়ালদহ ডিভিশন। বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেকশনে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, রেললাইন পারাপার অত্যন্ত বিপজ্জনক ও বেআইনি কাজ। যা জীবনহানি ঘটাতে পারে। যাত্রী নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ মানুষের কাছে ডিআরএমের আবেদন, ঝুঁকি নিয়ে লাইন পারাপার করবেন না। ফুট ওভারব্রিজ কিংবা সাবওয়ে ব্যবহার করুন। আপনাদের সহায়তায় রেলকর্মী ও রেল পুলিস সর্বদা প্রস্তুত রয়েছে। শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, রেলের আইন অনুযায়ী লাইন পারাপার দণ্ডণীয় অপরাধ। জেল কিংবা জরিমানার সংস্থান রয়েছে আইনে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ