নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের আরেক মাইলফলক স্পর্শ করল শিয়ালদহ ডিভিশন। পরিকাঠামো পরিবর্তনের সৌজন্যে বনগাঁ শাখায় ট্রেন চলাচল আরও মসৃণ হতে চলেছে। জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের কাছে রেল ট্র্যাকে একটি লম্বা অংশে বড় বাঁক ছিল। ঝুঁকিপূর্ণ ওই অংশ পার করতে ট্রেনের গতি নিয়ন্ত্রিত করা ছিল। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে রোজ ওই অংশ পার করত যাত্রী বোঝাই ট্রেন। শনি ও রবিবার লাগাতার কাজ করে বিপজ্জনক ওই বাঁক যুক্ত লাইনের অংশ তুলে ফেলা হয়েছে। নতুন করে পুরোপুরি সোজা নয়া ট্র্যাক বিছিয়ে দেওয়ার কাজও শেষ। রেলকর্তাদের দাবি, এই পরিবর্তনের ফলে এবার ট্রেনের গতিবেগ বেড়ে হবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।



