নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজস্ব সম্পদ ব্যবহার করে দেশের বন্দরগুলি যাতে আয় বৃদ্ধি করতে পারে তার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। তার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে। সম্পদ সংক্রান্ত বিশেষ সেলের বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয় কলকাতায়। এই সেলের নেতৃত্বে আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষের চেয়ারম্যবন রথেন্দ্র রমণ। এদিনের বৈঠকে মুম্বই, চেন্নাই, পারাদীপ, কোচিনসহ দেশের সমস্ত বড় বন্দরের শীর্ষ কর্তাদের পাশাপাশি জাহাজ মন্ত্রকের সম্পদ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল আর পি কোন্ডিরাম উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষগুলির নিয়ন্ত্রণে জমিসহ বিভিন্ন সম্পদ যথাযথভাবে ব্যবহার করে কীভাবে আয় বাড়ানো যায় বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসএমপি (কলকাতা ও হলদিয়া বন্দর) এবং মুম্বই বন্দরের নিয়ন্ত্রণে সবথেকে বেশি জমি আছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বন্দরগুলির হাতে থাকা জমি নিয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। সেই অনুযায়ী আগামী দিনে বন্দর কর্তৃপক্ষগুলি এগবে বলে ঠিক হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরের জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য ইতিমধ্যে এসএমপি কর্তৃপক্ষ কিছু উদ্যোগ নিয়েছে।



