Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধুর নথি নিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন, ধৃত অভিযুক্ত

বন্ধুর নথি নিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন, ধৃত অভিযুক্ত
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বন্ধুকে ভুল বুঝিয়ে নথিপত্র নিয়ে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অবৈধ লেনদেন। বন্ধুকে না জানিয়েই ওই অ্যাকাউন্ট গুলিতে লক্ষ লক্ষ টাকা লেনদেন। এতে বিপাকে পড়েছেন বন্ধু। বারবার অ্যাকাউন্টগুলি ফেরত চাইলেও দেওয়া হয়নি। অবশেষে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃত যুবকের নাম রবসান জানি। বাড়ি বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায়। ওই যুবক তার বন্ধু বিক্রম সরকারের কাছ থেকে নথিপত্র  নিয়ে তিনটি অ্যাকাউন্ট খোলে। এরপর সেই অ্যাকাউন্টগুলি থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করা হয়। বিষয়টি বুঝতে পেরেই সেই অ্যাকাউন্টগুলি বন্ধুর কাছে ফেরত চাইলেও দেওয়া হয় না। উপরন্তু ভয় ও হুমকি দেখানো হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ হতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। 
পুলিস সূত্রে খবর, ওই অ্যাকাউন্টগুলি থেকে সাইবার প্রতারণার অবৈধ লেনদেন হচ্ছে। তবে ওই অ্যাকাউন্টের নথি বর্তমানে অভিযুক্তের কাছেও নেই। ওই অ্যাকাউন্ট চলে গিয়েছে সাইবার প্রতারণার মূল পাণ্ডাদের হাতে। পুলিস আরও জানিয়েছে, একই ভাবে গ্রামের সাধারণ মানুষদের টাকা ও লোনের প্রলোভন দেখিয়ে ডকুমেন্টস বা নথি আদায় করা হচ্ছে। আর সেই অ্যাকাউন্টগুলি থেকেই চলছে অবৈধ লেনদেন। তাই এনিয়ে সতর্ক করতে শনিবার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করেন সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ। সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ। 
ডিএসপি বলেন, সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই ডকুমেন্টস আদায় চলছে। ওই ডকুমেন্টস থেকেই সাইবার প্রতারকরা অবৈধ লেনদেন করছে। সম্প্রতি এমনই একটি ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আদালতে তুলে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কেউ যাতে বোকা হয়ে নিজের নথিপত্র অন্যের হাতে তুলে না দেয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ