লখনউ: স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে বন্ধুরা। আর জঘন্য সেই অপরাধের ভিডিও সুদূর সৌদি আরবে বসে দেখছে নির্যাতিতার স্বামী! উত্তরপ্রদেশের বুলন্দশহরের ৩৫ বছরের ওই মহিলা শেষপর্যন্ত পুলিসের দ্বারস্থ হয়েছেন। জেলার সিনিয়র পুলিস সুপারের কাছে স্বামীর এই কুকীর্তি নিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। মহিলার অভিযোগ, টাকার লোভে স্বামীই তাঁকে অন্তত দু’বছর ধরে লাঞ্ছনার শিকার হতে বাধ্য করেছেন। কিন্তু দিনের পর দিন এই নিগ্রহ সহ্য করতে না পেরে তিনি পুলিসের সাহায্য চেয়েছেন। ওই মহিলা জানিয়েছেন, ২০১০ সালে গুলাওঠি গ্রামে তাঁর বিয়ে হয়। তাঁদের চার সন্তান। স্বামী সৌদি আরবে কাজ করে। বছর দুয়েক আগে তাঁর স্বামী দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়িতে ফেরে। ওই দু’জন স্বামীর সামনেই তাঁকে ধর্ষণ করে।



