পারথ: নেভিল কার্ডাস বলেছিলেন স্কোরবোর্ড একটা গাধা। ইংরেজ ক্রিকেট লিখিয়ের সেই মূল্যবান উক্তি আজও খুবই প্রাসঙ্গিক। অন্তত ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের খেলার পরিপ্রেক্ষিতে। সকালে যখন স্টার্ক, হ্যাজলউডদের গোলাগুলিতে ভারতীয় শিবির ক্ষতবিক্ষত, তখন মনে হচ্ছিল আরও একটা পরাজয় যেন কড়া নাড়ছে দুয়ারে। ১৫০ রানের পুঁজি নিয়ে ভারতীয় বোলাররা কতটা লড়াই মেলে ধরতে পারবেন, তা নিয়ে অনেকেই দোলাচলে ছিলেন। কিন্তু বুমরাহ নিজের দিনে একাই একশো। আগুনে পেসে শুরুতেই ধস নামান অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। দিনের শেষে চার উইকেট নিয়ে ড্রেসিং-রুমে যখন ফিরছিলেন, তখন স্কোরবোর্ড বলছে আয়োজক দেশ প্রবল চাপে (৬৭-৭)। স্বল্প পুঁজি নিয়েও কীভাবে স্বপ্ন দেখাতে হয়, তা শেখালেন বুমরাহ। অস্ট্রেলিয়াকে তাদের পাতা ফাঁদেই জব্দ করলেন তিনি। নিলেন ১৭ রান দিয়ে ৪ উইকেট। রয়েছে ইনিংসে ৫ উইকেটের হাতছানি। স্লিপে খাওয়াজা, তারপর স্টিভ স্মিথ লেগ বিফোর হওয়ার পর কমেন্ট্রি বক্সের উত্তেজনাই বলে দিচ্ছিল এটাই দিনের সেরা ডেলিভারি।
Advertisement
ধারাভাষ্যকার ওয়াসিম আক্রাম বলেন, ‘বুমরাই বিশ্বসেরা বোলার। শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই। ওর স্পেলটা অসাধারণ। বলের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ। গতির সঙ্গে সুইংও কাজে লাগাচ্ছে সহজেই। দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সম্পর্কে ও অনেক খোঁজখবর নিয়েই নেমেছে। এই ধরনের বোলিংয়ের বিরুদ্ধে খেলা সত্যিই কঠিন।’



