Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাম ঐক্য চেয়ে মাওবাদীদের মূল   স্রোতেই ফিরতে বলল সিপিআই

বাম ঐক্য চেয়ে মাওবাদীদের মূল   স্রোতেই ফিরতে বলল সিপিআই
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিআইয়ের শতবর্ষ উপলক্ষ্যে বুধবার সমাবেশের আয়োজন করা হয়েছিল ধর্মতলায়। বক্তব্য রাখতে এসেছিলেন সর্বভারতীয় সম্পাদক ডি রাজা। এই মঞ্চ থেকেই বৃহত্তর বামঐক্য গড়ে তোলার জন্য মাওবাদীদেরও মূলধারার রাজনীতিতে আহ্বান করা হল। পাশাপাশি কংগ্রেসকে বেনজির আক্রমণ শানালেন সিপিআই নেতৃত্ব। নাম না করে সিপিএমকেও খোঁচা দেওয়া হয়। ডি রাজা ছাড়াও বক্তব্য রাখেন পল্লব সেনগুপ্ত ও স্বপন বন্দ্যোপাধ্যায়। মাওবাদী প্রসঙ্গে সিপিআইয়ের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত বলেন, ‘ছত্তিশগড়ে যে মাওবাদীরা লড়াই করছেন তাঁরা যেন ওই পথে না যান। একশোটা রাইফেল নিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা যায় না। রক্তক্ষয় হয়। মূল পথে আসতে হবে।’ সিপিআইয়ের দু’জন সাংসদও ছত্তিশগড় সফর করবেন। তারপর স্পিকারকেও রিপোর্ট দেওয়া হবে। বিষয়টি অবগত করা হবে রাষ্ট্রপতিকেও। সিপিআই নেতৃত্বের বক্তব্য, নকশালদের গ্রেপ্তার করা যায় কিন্তু এনকাউন্টার করে মারা যায় না। রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘কংগ্রেসের দয়ায় নতজানু হয়ে বসে থাকলে চলবে না। ওরা রাজার দল। ওদের জন্য ইন্ডিয়া জোট ভাঙছে।’ সিপিএমের নাম না করে তাঁর বার্তা, ‘এখনও কীসের তাত্ত্বিক কচকচানি? পার্টিভাগের কারণ তো এখন আর নেই।’ দলের সাধারণ সম্পাদক ডি রাজার বক্তব্য, ‘কারা মাওবাদী, তা মানুষের জানা দরকার। আমরা সকলে বৃহত্তর বামঐক্যের জন্যই লড়াই করছি।’ ইন্ডিয়া জোট নিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়া ব্লক বেশকিছু সমস্যায় ভুগছে। লোকসভার পর এর বৈঠক হয়েছে মাত্র একটা!’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ