Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাম ছাত্র-যুবদের কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা বহরমপুর শহরে

বাম ছাত্র-যুবদের কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা বহরমপুর শহরে
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাম ছাত্র-যুব সংগঠনের ঘোষিত কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহরে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। শহরের তিনটি পৃথক জায়গা থেকে তারা কর্মসূচি নেয়। সিপিএমের জেলা পার্টি অফিস থেকে মিছিল শুরু হওয়ার আগেই প্রায় ২০ জন যুবক-যুবতী জেলাশাসকের অফিসের সামনে পৌঁছে গিয়ে পতাকা হাতে মিছিল শুরু করেন। জেলাশাসকের অফিসে ঢুকতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণের মধ্যেই জেলাশাসকের দপ্তরের সামনে থেকে প্রায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিস। এরপর সিপিএমের জেলা কার্যালয় থেকে মিছিল করে টেক্সটাইল কলেজ মোড়ে আসে। সেখানে বিশাল ব্যারিকেডের ব্যবস্থা করে পুলিস। হাজির ছিলেন অতিরিক্ত পুলিস সুপার (সদর) মাজিত ইকবাল খান, অতিরিক্ত পুলিস সুপার (লালবাগ) রাসপ্রীত সিং প্রমুখ। বাম ছাত্র যুবরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বিশাল পুলিস বাহিনীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। তারপর কলেজ মোড়েই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র-যুবরা। অবিলম্বে গ্রেপ্তার হওয়া যুবদের ছাড়তে হবে, সেই দাবি নিয়ে তারা বহরমপুর থানা অভিযান শুরু করে। থানায় যাওয়ার সময় মোহনা বাসস্ট্যান্ডের সামনে জাতীয় সড়কে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে অল্প কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিস আন্দোলনকারীদের বুঝিয়ে থানার দিকে নিয়ে গেলে যান চলাচল শুরু হয়। কিছুক্ষণ পরে থানা থেকে ধৃতদের মুক্তি দেওয়া হয়। আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে এদিনের কর্মসূচি শেষ করে।  ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, আমাদের লড়াই জেলাজুড়ে আবাস যোজনা দুর্নীতির তদন্ত চেয়ে। ১০০ দিনের কাজ শুরু করতে হবে। পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে। 
Advertisement
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছিল। কিন্তু প্রচুর বাহিনী মোতায়েন থাকায় রুখে দেওয়া গিয়েছে। জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
(বাম ছাত্র-যুবদের মিছিল ঠেকাতে হিমশিম অবস্থা পুলিসের। নিজস্ব চিত্র)
সম্পর্কিত সংবাদ