আগে ইংল্যান্ডকে বোঝাতে আকছারই বিলাত বলা হতো। কেন? ইংল্যান্ডের কি এমন কোনও নাম ছিল। বিলাত কি ইংরেজি বা বাংলা শব্দ? একবোরেই না। তাহলে? আর বিলাত বলতে কি বিদেশ বোঝায়? তাও তো নয়। কারণ, আমেরিকাকে আমেরিকা, তুরস্ককে তুরস্ক, রাশিয়াকে রাশিয়াই তো বলে আসছি সবদিন। তাহলে ইংল্যান্ডের বেলায় বিলেত কেন? আগে অবশ্য বিলাত বলতে সম্ভবত পুরো ইউরোপকেই বোঝানো হতো। পরে তা সীমাব্ধ হয় শুধু ইংল্যান্ডেই। এখন অবশ্য ওই শব্দের প্রচলন অনেকটাই কমে এসেছে। এখন প্রশ্ন হল, বিলাত শব্দ এল কোথা থেকে?
অনেকেই মনে করেন, বিলাত শব্দের উৎস আরবি। মূল শব্দ ওয়ালাত। এর অর্থ ওয়ালি বা প্রতিনিধি শাসিত দেশ বা প্রদেশ। কিন্তু ফারসি, উর্দু ও হিন্দি ভাষার উচ্চারণে ওই আরবি শব্দের প্রথমভাগ অর্থাৎ ‘ওয়া’র ভোল বদলে যায়। শব্দের মূল বিন্যাস বদলে হয় ‘বিলায়ত!। ভারতের মুসলিম রাজত্বের প্রথম দিকে দিল্লির শাসকরা বিলায়ত ব্যবহার করতো পারস্য ও মধ্য এশিয়ার দেশগুলিকে বোঝাতে। দিল্লি বহু দূর। বাংলায় আসতে আসতে ওই শব্দ আরও বদলে হয়ে যায় বিলাত। ভারতের ব্রিটিশ শাসন কালে আকস্মিকভাবে শব্দটির অর্থই পাল্টে যায়। বিলায়ত ভারতীয়দের কাছে হয়ে যায় ইংল্যান্ড বা ইউরোপ। এই ব্যাখ্যা কতটা সঠিক, তা জানা নেই। কিন্তু বিলাত শব্দ শুধু বাংলাতেই সীমাবদ্ধ থাকেনি। তা ব্রিটিশ মহলেও ঢুকে পড়েছিল। বিলাতই কিছুটা বদলে কথ্য শব্দ হিসেবে ইংরেজদের মধ্যেও প্রচলিত হয়। সপ্তদশ শতক থেকেই ব্রিটিশ সেনাবাহিনীর অনেক সদস্য নিজেদের ব্রিটিশ বোঝাতে ‘Blighty’ নামে একটা অপশব্দ ব্যবহার করতে শুরু করে। ১৮৯৯ থেকে ১৯০০ সালে দক্ষিণ আফ্রিকার বুয়র যুদ্ধ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত ওই শব্দ তাদের মধ্যে বেশ ছড়িয়ে পড়ে।