সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট-হিলি রেলপ্রকল্পে এবার কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শুরু করল জেলা প্রশাসন। মঙ্গলবার আরও ৪৬ একর রেলকে হস্তান্তর করা হয়েছে। সবমিলিয়ে ৩৮৬ একর জমির মধ্যে প্রায় ২৭৮ একর অধিগ্রহণ করে রেলকে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। অন্যদিকে, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ২৯.৭ কিমি রেলপথের ২২.৭১ কিমি পথ হস্তান্তর হয়ে গিয়েছে। মঙ্গলবার হিলি ব্লকের জয়ন্তীপুরের দুই মৌজা ও ধলপাড়ার ৪৬ একর জমি তুলে দেওয়া হয় রেলকে। হিলি ব্লকের বাসিন্দা স্বপন দাস বলেন, আমাদের ব্লকেও এবার জমি নেওয়া শুরু হয়েছে। দ্রুত আমাদের এখানে এবার রেলের কাজ শুরু হবে। আমরা খুব খুশি।
Advertisement
রেল ও প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় অধিকাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণ বাকি ছিল। জমিদাতারা নানা অভিযোগ করেছিলেন। এবার তাঁরা ক্ষতিপূরণ পেয়ে যাওয়ায় খুশি। এবিষয়ে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হারিস রশিদ বলেন, আমরা আরও ৪৬ একর জমি অধিগ্রহণ করেছি। মঙ্গলবার রাতে রেল মন্ত্রককে হস্তান্তর করা হয়েছে। বালুরঘাট থেকে কামারপাড়ার অধিকাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। এবার কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি নেওয়া শুরু হয়েছে। রেলের যে জায়গাগুলি বেশি প্রয়োজন, সেই ভিত্তিতেই দ্রুত জমি অধিগ্রহণ হচ্ছে। এবিষয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, দ্রুত রেলের জমি অধিগ্রহণ হয়ে গেলে রেলপথের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দ্রুত কাজ চালু করতে চাইছে রেল।
প্রশাসন সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণের শুরু হয়েছিল। এদিকে ১২ বছর আগে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ৬ টি ব্রিজের কাজ শুরু করেছিল রেল। গত লোকসভা ভোটের আগে টেন্ডার করে সেই অর্ধসমাপ্ত ব্রিজের কাজ শুরু করে দিয়েছে মন্ত্রক। পরবর্তীতে বালুরঘাটের আত্রেয়ী নদীর ব্রিজের কাজও শুরু হয়। হিলির জমিদাতারা টাকা পাননি বলে তাঁরা আন্দোলন করেছিলেন। এবার হিলি ব্লকেও শুরু হয়েছে জমি অধিগ্রহণ।