সংবাদদাতা, পতিরাম: ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি বালুরঘাট ব্লকের খাঁপুরে ফসলের দাবিতে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই আন্দোলনে বালুরঘাটের খাঁপুর গ্রামের ২২ জন এবং অবিভক্ত গোটা দিনাজপুর জেলায় ৪০ জন কৃষক ইংরেজ শাসক পুলিসের গুলিতে শহিদ হয়েছিলেন। সেই ইতিহাস তুলে ধরে বৃহস্পতিবার দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হল। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত রাজনৈতিক দল শহিদ বেদিতে পুষ্পস্তবক এবং মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে।
Advertisement
সকালে প্রথমে বামফ্রন্টের নানা সংগঠন ও শাখার তরফে শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ সহ সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়। এরপর কোল সমাজের তরফেও একই রকম কর্মসূচি রাখা হয়। এদিন দুপুরে মাহাত সমাজও শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে। দুপুরের দিকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের তরফেও কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে, এদিন তেভাগা আন্দোলন দিবস পালনের আগেই একটি শোকের ঘটনা ঘটে ওই এলাকায়। শহিদ দিবস উপলক্ষে বুধবার সিপিআই দলের তরফে একটি সম্মেলন হয়। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ওই দলের নেতা খাড়া মার্ডি। রাতে সম্মেলন শেষে খাঁপুর হাইস্কুলেই তিনি ছিলেন। রাতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।



