সংবাদদাতা, পতিরাম: বাড়ির কাছে রাখা ছোট গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতী। শিবরাত্রির রাতে গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় গাড়িটি। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে বালুরঘাট শহরের সদরঘাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস। পুলিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বালুরঘাট শহরের মধ্যে রয়েছে সদর ঘাট। ওই এলাকাতেই ফাঁকা জায়গায় গাড়ি রেখেছিলেন গাড়ির মালিক বিজয় জয়সওয়াল। তিনি সেখানে গাড়ি দেখে রাতে ঘুমোতে যান। সকালে উঠেই তিনি দেখেন গাড়ির কাঁচ ভাঙা। গাড়ির ভিতরে সবই পুড়ে গিয়েছে। বিজয় বলেন, বুধবার রাতে ওই এলাকায় শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের ভিড় ছিল। রাতের অন্ধকারে কেউ পরিকল্পিতভাবে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গাড়ি মালিকের অভিযোগ, এলাকায় নেশাগ্রস্ত ও মদ্যপদের উৎপাত রয়েছে। তারাই কেউ গাড়িটি পুড়িয়ে দিয়েছে। অভিযুক্তকে ধরতে বালুরঘাট থানার পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেয়েছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



