নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার শুরু হওয়া বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্যই মহম্মদ সামি। চোট সারিয়ে প্রায় এক বছর পর মাঠে ফিরে কেমন বল করেন তারকা পেসার, সেদিকেই নজর ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ম্যাচে এখনও পর্যন্ত ১০ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ ৩৪ রান দিয়েছেন তিনি। উইকেট না পেলেও দু’টি স্পেলে তাঁর বোলিং আশার আলো দেখাচ্ছে।
Advertisement
এদিন ইন্দোরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ২২৮ রানে অল-আউট হয় বাংলা। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বঙ্গ-ব্রিগেড। কঠিন সময়ে ভরসা জোগান শাহবাজ আহমেদ ও অনুষ্টুপ মজুমদার জুটি। ৮০ বলে শাহবাজের ৯২ রানের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১টি ছক্কায়। ক্যাপ্টেন অনুষ্টুপ ৪৪ রান করে আউট হন। ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে অবশ্য ১০ রানের বেশি আসেনি।



