Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তৃণমূলের

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ তৃণমূলের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: নিরাপত্তারক্ষী ও অশিক্ষক কর্মীদের তিন মাস বেতন না দেওয়ার অভিযোগে মঙ্গলবার বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। শিবপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে স্থানীয় রায়পুর-সুপুর পঞ্চায়েতের প্রধান নিখিল বাছারের নেতৃত্বে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। এদিনই বিজ্ঞান দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারের আয়োজন করে কর্তৃপক্ষ। কিন্তু বিক্ষোভকারীরা অতিথি দুই বিজ্ঞানী ও উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে দেননি। ফলে তাঁরা গেটের সামনেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। এই ঘটনায় অত্যন্ত হতাশ ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপকুমার মাইতি। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের এই বাধা দুর্ভাগ্যজনক। 
Advertisement
মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের পর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সফলভাবে পঠনপাঠন শুরু হয়েছে। প্রায় ৭০জন নিরাপত্তা রক্ষী ও অশিক্ষক কর্মী নিয়োগ করেছে কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, তাঁরা তিন মাস বেতন পাননি। সেকারণে এদিন স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা দফায় দফায় বিক্ষোভ দেখান। আর তাতেই আটকে পড়েন বিজ্ঞান সেমিনারে যোগদান করতে আসা দুই বিজ্ঞানী অধ্যাপক শ্যামল চক্রবর্তী ও বৃন্দাবন সি রানু। এমনকী, ভারপ্রাপ্ত উপাচার্য ও অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাদেরও ঢুকতে দেওয়া হয়নি। 
পঞ্চায়েত প্রধান বলেন, অবিলম্বে কর্মীদের বেতন দিতে হবে। ‌পাশাপাশি, বহিরাগতদের পরিবর্তে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দিতে হবে। এই বিষয়গুলি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মী ও নিরাপত্তারক্ষীদের কেউ এদিনের আন্দোলনে ছিলেন না। তৃণমূল সমর্থকরা মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেভাবে আন্দোলন করছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‌বিষয়টি মন্ত্রী ও জেলাশাসককে জানিয়েছি। এবিষয়ে জেলাশাসক বিধান রায় বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ