Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারে রক্তের সঙ্কট চলছেই, ক্লাব সংগঠনকে শিবির করতে চিঠি স্বাস্থ্যদপ্তরের

কোচবিহারে রক্তের সঙ্কট চলছেই, ক্লাব সংগঠনকে শিবির করতে চিঠি স্বাস্থ্যদপ্তরের
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সমস্ত ধরনের উন্নত পরিকাঠামো থাকা সত্ত্বেও কোচবিহার জেলায় দীর্ঘদিন ধরে রক্তের সঙ্কট মিটছে না। জেলার ব্লাডব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত রক্ত না থাকায় রোগীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের মজুত প্রায়শই তলানিতে, এমনকী শূন্যের কোঠায় চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে জেলায় সাধারণ রোগীদের রক্তের চাহিদা মেটাতে জেলা স্বাস্থ্যদপ্তরকে হিমশিম খেতে হচ্ছে। হঠাৎ করে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটলে সেখানে রক্তের জোগান দিতে গিয়ে বিপাকে পড়তে হবে জেলা স্বাস্থ্যদপ্তরকে। এই পরিস্থিতিতে জেলার ১৫০টি ক্লাব সহ বিভিন্ন সংগঠনকে রক্তদান শিবির আয়োজন করতে চিঠি দিয়েছে স্বাস্থ্যদপ্তর। 

Advertisement

কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রীকুমার আড়ি বলেন, জেলার ব্লাডব্যাঙ্কগুলিতে প্রয়োজনীয় রক্ত মজুত থাকছে না। এতে সমস্যা হচ্ছে। সেই কারণে আমরা সকলকেই রক্তদান শিবির আয়োজনের জন্য আবেদন জানাচ্ছি। প্রায় ১৫০টি ক্লাব, কলেজের অধ্যক্ষ, পুলিস, বিএমওএইচ সহ সকলকেই চিঠি করা হয়েছে।
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় ব্লাড ট্রান্সমিশনের জন্য মোবাইল ভ্যানের মাধ্যমে রক্ত নেওয়া, সেখানে রক্ত মজুত করার পরিকাঠামো রয়েছে। কিন্তু পর্যাপ্ত রক্তদান শিবির না হওয়ার কারণে সেই অত্যাধুনিক গাড়ি অধিকাংশ সময় পড়ে থাকে। এছাড়াও জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতেও যথেষ্ট ভালো পরিকাঠামো থাকা সত্ত্বেও রক্ত মজুতের পরিমাণ খুবই কম থাকছে। তাই গরমের দিনগুলিতে সকলকে এগিয়ে এসে রক্তদান শিবির আয়োজন করার উপর জোর দেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ