নিজস্ব প্রতিনিধি, বারাসত: সরকারিভাবে পাইপলাইনের মাধ্যমে দেওয়া জল অবৈধভাবে ট্যাঙ্কে মজুত করা হচ্ছিল। ফলে কৃত্রিম জল সঙ্কট তৈরি হচ্ছিল এলাকায়। গোপন সূত্রে সেই খবর পেয়ে একাধিক বাড়িতে হানা দিয়ে এই অবৈধ ব্যবস্থা বন্ধ করে দিল প্রশাসন। মঙ্গলবার বারাসত ১ ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় হানা দেন ব্লক প্রশাসনের কর্তা ও পুলিস। এলাকার মানুষকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন নির্দেশিকার কথাও শোনান তাঁরা।
উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে অবাধেই জল চুরি ও অপচয়ের অভিযোগ রয়েছে। সেই অভিযোগ পেয়ে মাঝেমধ্যেই ব্যবস্থা নেয় প্রশাসন। সূত্রের খবর, জেলায় এই ব্যাপারে কয়েক হাজার অভিযোগও জমা পড়েছে পিএইচই দপ্তরে। কয়েকদিন আগেই বারাসত ১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পীরগাছা এলাকায় স্থানীয় বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধও করেন। অভিযোগ ওঠে, পাইপলাইনের জল অবৈধভাবে মেশিন বসিয়ে ট্যাঙ্কে মজুত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের কাছে সেই অভিযোগ পাওয়ার পরেই অভিযানে নামে ব্লক প্রশাসন। এদিন বারাসত -১ এর বিডিও রাজীব দত্তচৌধুরী ও পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবির উপস্থিতিতে পীরগাছা, কদম্বগাছির বিভিন্ন এলাকার অভিযান চালানো হয়। সেখানে প্রায় দশটির বেশি বাড়িতে অবৈধ জল সংরক্ষণের লাইন কেটে দেন প্রশাসনিক কর্তারা এ বিষয়ে বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, সরকারিভাবে দেওয়া জল সংরক্ষণ করা আইনত অপরাধ। আমাদের কাছে অভিযোগ আসার পরেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। আগামীতেও এই উদ্যোগ জারি থাকবে। কেউ ব্যক্তিগত স্বার্থে জল সংরক্ষণ করবেন, আর অন্যরা জলের জন্য হাহাকার করবেন, এটা হতে দেওয়া যাবে না। নিজস্ব চিত্র