গাজিয়াবাদ: কোরিয়ান কনটেন্টের প্রতি আসক্তিই প্রাণ কাড়ল গাজিয়াবাদের তিন নাবালিকার? কিশোরীদের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকে উঠে আসছে এমনই তথ্য। পুলিশ জানিয়েছে, ন’পাতার সেই সুইসাইড নোটের ছত্রে ছত্রে রয়েছে কোরিয়ান কনটেন্টের প্রতি তিন বোনের অন্ধ ভালোবাসার কথা। তাতে বাধা দেওয়ায় পরিবারের উপর ক্ষোভের কথাও লিখেছে নাবালিকারা। মঙ্গলবার গাজিয়াবাদের একটি বহুতলের ১০ তলা থেকে ঝাঁপ দেয় তিন বোন। সেই ঘটনার নেপথ্যে মৃতদের মোবাইল তথা একটি কোরিয়ান অনলাইন গেমের কথা উঠে এসেছিল। এমনকি নাবালিকারা নিজেদের কোরিয়ান রাজকন্যা বলে ভাবত বলেও জানিয়েছে পুলিশ।
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, নাবালিকাদের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘আমরা কোরিয়ান ভালোবাসি। ভীষণই ভালোবাসি।’ সেই আসক্তি দূর করতে পরিবারের শাসনের কথাও উল্লেখ করেছে তারা। লিখেছে, ‘তোমরা চেয়েছিলে আমরা কোরিয়ান ছেড়ে দি। কোরিয়ান আমাদের জীবন। আমরা কোনও ভারতীয়কে বিয়েও করব না। তোমাদের মারধরের চেয়ে আমার কাছে মৃত্যুই শ্রেয়। তাই আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। সরি পাপা!’ মাত্র ৪ বছরের ছোটো বোন দেবুকে কোরিয়ান কনটেন্ট থেকে দূরে রাখার সিদ্ধান্তে তারা ক্ষোভ প্রকাশও করেছে সুইসাইড নোটে। তারা লিখেছে, ‘দেবুকে আমাদের মতো হতে দেওয়া হয়নি। তাই আমরা ওঁকে শত্রু ভাবি।’ গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও কোরিয়ান গেমের আসক্তির বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। জানানো হয়েছে. ঘটনার সঙ্গে কোনও গেমের যোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।