Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

বুলগেরিয়ার বই বেঞ্চ

বুলগেরিয়ার বই বেঞ্চ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাস্তার ধারে কেউ যেন একটা আস্ত বই খুলে রেখে দিয়েছে। ছোটখাটো নয়। বেশ বড়সড়। কমপক্ষে পাঁচ থেকে ছ’ফুট লম্বা। খানিক দূর থেকে দেখলে মনে হবে-খোলা বই। তবে কাছে গেলেই ভুল ভাঙবে। তা আদৌ কোনও বই নয়।  ইট, পাথর, সিমেন্ট দিয়ে এক আশ্চর্য নির্মাণ। খোলা বইয়ের আদলে তৈরি বসার বেঞ্চ। দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ছোট দেশ বুলগেরিয়া। সেখানকার বুরগাস শহরে রয়েছে এমন আকর্ষণীয় বেঞ্চ। রাস্তার ধারে হোক বা পার্ক - খোলা বইয়ের আদলে গড়ে তোলা এমন বিশ্রামের জায়গা সত্যিই চিত্তাকর্ষক। এই বিচিত্র নির্মাণের কারণ কী? আসলে এই বুরগাস শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সংস্কৃতি। এই অঞ্চলটিকে বলা হয় বুলগেরিয়ার সাংস্কৃতিক রাজধানী। তাই নতুন প্রজন্মকে বইপ্রেমী করে তুলতে এমনই কৌশল নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এই বিশালাকার বই-বেঞ্চের খোলা পাতা কিন্তু মোটেও সাদা নয়। কোথাও রয়েছে একাধিক বইয়ের প্রচ্ছদ আঁকা। আবার কোথাও চোখে পড়বে কোনও গল্প বা উপন্যাসের অংশবিশেষ। বেঞ্চের বসেই তা দিব্যি পড়ে ফেলা যায়। তারপর হয়তো বইয়ের বাকি অংশটা নিমেষে পড়ে ফেলার আগ্রহ নিয়ে বাড়ি ফিরে যায় অনেকেই। এমন অভিনব সৃষ্টি সত্যিই কি নতুন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আকর্ষণ গড়ে তুলতে পেরেছে? সেই প্রশ্নের দিতে পারবে একমাত্র স্থানীয় প্রশাসন। তবে এই বিশেষ ধরনের বেঞ্চের জন্য পর্যটকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে বুরগাস শহর। তাই প্রতি বছর সেখানে ভিড় জমান হাজার হাজার‌ পর্যটক। শুধু বুরগাসই নয়, তুরস্কের ইস্তানবুলেও এমন বই-বেঞ্চ রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ