নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির বলাগড়ের ডুমুরদহের দাদপুরে ডায়ারিয়ার প্রকোপ শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি থেকে এলাকার বেশ কিছু বাসিন্দা ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দু’জনের ইতিমধ্যে মৃত্যুও হয়েছে। তাঁদের মধ্যে একজনের কালনা হাসপাতালে মৃত্যু হয়েছে। পরিস্থিতির জেরে জেলা স্বাস্থ্যদপ্তরের বিশেষ দল এলাকায় স্বাস্থ্যশিবির শুরু করেছে। এলাকায় একটি নতুন নলকূপ বসানো হয়েছে। স্বাস্থ্যদপ্তরের দাবি, গ্রামবাসীরা স্থানীয় একটি পুকুরের জল ব্যবহার করেন। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ওই পুকুরটি সিল করে দেওয়া হয়েছে।
Advertisement
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর বলেন, ওই গ্রামে প্রায় ১৬ জনের ডায়ারিয়া হয়েছে। জ্বর ও বমির উপসর্গ আছে। চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। তবে ডায়ারিয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে, একথা বলা যাবে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এলাকায় স্বাস্থ্যশিবির করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সোমবার নতুন করে কোনও সংক্রমণের তথ্য মেলেনি।



