Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটায় বৃদ্ধাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত যুবক

বেলেঘাটায় বৃদ্ধাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত যুবক
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ সালে বেলেঘাটা থানা এলাকায় ৬২ বছরের এক বৃদ্ধার মুখ চেপে ধর্ষণের দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস জামিনে থাকা অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ, শুক্রবার বিচারক সাজা ঘোষণা করবেন। যুবকের নাম বিধান বোস ওরফে রাজু (৩৬)। সে বেলেঘাটা এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহের সঙ্গে যুক্ত ছিল।
Advertisement
সরকারি কৌঁসুলি অসীম কুমার যুবকের বিরুদ্ধে কড়া সাজার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ‘অপরাধী যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। তার মনোবৃত্তি পশুকেও হার মানায়। একজন বৃদ্ধাও যেভাবে ধর্ষণের শিকার হয়েছেন, তা ভেবে আমাদের শিহরিত হতে হয়।’ পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১৬ এপ্রিল সন্ধ্যায় বেলেঘাটা মেন রোড এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। অবিবাহিত বৃদ্ধা তাঁর ঘরে একাই ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী যুবক বৃদ্ধার ঘরে ঢুকে তাঁর মুখ চেপে তাঁকে ধর্ষণ করে চম্পট দেয়। পাশের ঘরেই থাকেন বৃদ্ধার বোন। তিনি বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীদের জানান। পুলিসে খবর দেওয়া হয়। বৃদ্ধা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পরের দিন পুলিস অভিযুক্ত যুবককে পাকড়াও করে। বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষা করা হয়। অভিযোগকারিণী বিচারকের কাছে ‘গোপন জবানবন্দি’ পেশ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করা হয়। 
করোনার আবহে আলিপুর জেলা কোর্ট থেকে যুবকটি জামিন পেয়েছিল। সরকারি কৌঁসুলি জানান, ‘এই মামলায় সাক্ষ্যদানের আগেই বৃদ্ধা মারা যান। ফলে বাকি ১১ জনের সাক্ষ্য তার সঙ্গে বৃদ্ধার ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্ট ও বিচারকের কাছে গোপন জবানবন্দির নথি এই মামলায় অভিযুক্তকে দোষী  সাব্যস্ত করতে সাহায্য করে।’ যদিও যুবকটির কৌঁসুলির দাবি, ‘আমার মক্কেলকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। রায় ঘোষিত হলে আমরা তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’         
Advertisement
সম্পর্কিত সংবাদ