নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাধারণ মানুষের অসুবিধা রুখতে ফুটপাথ দখল না করতে বারবার সংযত হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু ফুটপাথ তো দূর, এবার রাস্তা পর্যন্ত দখল হয়ে গেল। তা দখল করে নির্মাণ কাজ করার অভিযোগ উঠল কামারহাটি পুরসভার বেলঘরিয়াতে। এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানিয়েছেন, তিনি বিষয়টি প্রথমে জানতেনই না। জানার পর পুরসভায় ফোন করে আইনানুগ পদক্ষেপের কথা বলেছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে দু’নম্বর রেলগেট থেকে বেলঘরিয়া স্টেশনে যাওয়ার রাস্তা হল স্টেশন রোড। তা অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রাস্তা দিয়ে দেশপ্রিয় নগর, পূর্ব বেলঘরিয়ার নন্দননগরের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া অটো ও টোটো স্ট্যান্ড রয়েছে। বেলঘরিয়া এবং মহাকালী হাই ও প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। সেই গুরুত্বপূর্ণ পথে সবার চোখের সামনে দখল হয়ে যাচ্ছে। চলছে নির্মাণকাজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কোনও হুঁশই নেই। কিছুদিন আগে তৃণমূলের ওয়ার্ড অফিস লাগোয়া রাস্তায় একটি ক্লাব তৈরি হয়েছে। এরপর কিছু দূরে রাস্তার উপরই স্তম্ভ তৈরি করে নতুন ঘরও তৈরি হচ্ছে। তার অদূরে রাস্তার উপর লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে নতুন দোকানঘর। স্থানীয় বাসিন্দারা সব দেখেও আতঙ্কে মুখ খুলতে ভয় পাচ্ছেন। কাউন্সিলার বিশ্বজিৎ সাহা বলেছেন, ‘আমি কাউন্সিলার হওয়ার আগে থেকেই ওই জায়গায় ক্লাবটি ছিল। রাস্তার উপর একটি শিবমন্দিরের কাঠামো মতুন তৈরি হচ্ছে। দোকানটি এখানে তৈরি করে অন্যত্র নিয়ে যাওয়া হবে। তবে রাস্তা দখল কোনওভাবে বরদাস্ত করা হবে না। বিষয়টি আমি আগে জানতাম না। জানার পর পুরসভায় ফোন করে আইনানুগ পদক্ষেপ নিতে বলেছি।’ পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘এই ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। পুরসভা আইন মেনে পদক্ষেপ করবে।’



