Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা প্রিয়াঙ্কার

বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা প্রিয়াঙ্কার
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: কাঁধের ব্যাগে রাজনৈতিক বার্তা। সোমবার ‘প্যালেস্তাইন’ লেখা ব্যাগ নিয়ে এসে লোকসভায় তুলেছিলেন বাংলাদেশে সংখ্যালঘু নিগ্রহের প্রসঙ্গ। যদিও তাঁর ব্যাগের ওই লেখা দেখেই সমালোচনায় সরব হয়েছিল বিজেপি। সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে গান্ধী পরিবারের নয়া সাংসদের বিরুদ্ধে সরব হয়েছিল গেরুয়া শিবির। কিন্তু দমে যাওয়ার পাত্রী নন প্রিয়াঙ্কা। মঙ্গলবারও আলোচনার কেন্দ্রে উঠে এল তাঁর ব্যাগ। তবে দিন ঘুরতেই বদলে গেল প্রতিবাদের ভাষা। এদিন তাঁর ব্যাগে লেখা ছিল ‘বাংলাদেশ’। 
Advertisement
প্রতিবেশী দেশে এখন টালামাটাল পরিস্থিতি। সংখ্যালঘুদের উপর নিগ্রহের অভিযোগ ঘিরে সমালোচনার মুখে পড়েছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই পরিস্থিতির প্রতিবাদে ব্যাগের লেখায় জোরালো বার্তা তুলে ধরেছেন ওয়েনাড়ের সাংসদ। সেখানে বড় বড় অক্ষরে স্লোগান—‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান’।  তাঁর মতোই কংগ্রেসের অন্য সাংসদরাও একই ধরনের ব্যাগ নিয়ে সংসদ ভবনের বাইরে বাংলাদেশ ইস্যুতে সরব হন। 
সোমবার লোকসভার জিরো আওয়ারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন সোনিয়া-তনয়া। বাংলাদেশ সরকারের কাছে প্রসঙ্গটি তুলে ধরার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছিলেন তিনি। এভাবে বাংলাদেশ ইস্যুতে প্রিয়াঙ্কা সরব হলেও সোমবার তাঁর ‘প্যালেস্তাইন’ লেখা ব্যাগেই  বিতর্কের উপাদান দেখেছিল বিজেপি। শাসক দলের বহু সাংসদই জাতীয় ইস্যুর পরিবর্তে বৈদেশিক বিষয়কে এভাবে অগ্রাধিকার দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। ওই সমস্ত সমালোচনা অবশ্য সরাসরি খারিজ করে দেন কংগ্রেস নেত্রী। তাঁর সাফ কথা, ‘আমি কী পরে আসব, তা অন্য কেউ ঠিক করে দেবে নাকি? এটা তো পুরুষতান্ত্রিক মানসিকতা। এসবে আমি পাত্তা দিই না। আমার যা পছন্দ হবে, তাই পরব।’ ইজরায়েলি হানার প্রতিবাদে প্যালেস্তাইনবাসীর পাশে দাঁড়ানোর এবার বাংলাদেশ ইস্যুতে সরব হলেন প্রিয়াঙ্কা। প্যালেস্তাইন নিয়ে বার্তার ক্ষেত্রে বিজেপির সমালোচনা নস্যাৎ করে প্রিয়াঙ্কা বলেছেন, ওদের বরং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব হওয়া উচিত। সেইসঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গেও কথা বলা উচিত সরকারের। 
সম্পর্কিত সংবাদ