সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে পুলিসের হাতে গ্রেপ্তার ভুয়ো নথি তৈরি চক্রের পান্ডা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কাজল দাস। সে হিলি থানার ধলপাড়া গ্রামপঞ্চায়েতের লালপুরের বাসিন্দা। কাজল পেশায় তপনের একটি জুনিয়ার হাইস্কুলের শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে পুলিস তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, অনুপ্রবেশকারীদের সে ভুয়ো নথি তৈরি করে দিত। ভুয়ো আধারের পাশাপাশি একাধিক জাল নথি বানিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিস।
Advertisement
আইসি শীর্ষেন্দু দাস জানান, কিছুদিন আগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে কাজলের নাম উঠে আসে। পুলিস জানিয়েছে, কাজলের কাছে বাংলাদেশিরা নথি তৈরি করেছে। যারা ওপার থেকে অবৈধভাবে আসত, মোটা টাকার বিনিময়ে তাদের যাবতীয় নথি বানিয়ে দিত এই কাজল। কাজলকে গ্রেপ্তারের পাশাপাশি তার ক্যাফে থেকে ল্যাপটপ, স্ক্যানার, বেশ কয়েকটি ব্যাঙ্কের পাসবই সহ অন্য নথি বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বাড়ির পাশে একটি ক্যাফে খোলে কাজল। সেই দোকান থেকে ভুয়ো আধার সহ অন্য নথি বানিয়ে দিত সে। পুলিসের অনুমান, এই কারবারে আরও অনেকে জড়িত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজল স্কুলে না গিয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দোকানে বসে এই কাজ করত। এদিন ধৃতকে আদালতে তুলে চারদিনের হেফাজতে নিয়েছে পুলিস। কাজলের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।



