নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশের দায়ে ধৃত এক বাংলাদেশি যুবককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিল আদালত। তাঁর নাম মহম্মদ আক্রম। বৃহস্পতিবার শিয়ালদহ দায়রা আদালত ওই আদেশ দেয়। বিচারক এই সাজার সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের হাজতবাসের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি মিলি কুমার জানান, গত ৪ আগস্ট শিয়ালদহ রেল স্টেশনে ওই বাংলাদেশি যুবক এদিক-ওদিক ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হওয়ায় জেরা করে রেল পুলিস জানতে পারে, তিনি বাংলাদেশি নাগরিক। তাঁর কাছে এদেশে প্রবেশ করার কোনও বৈধ নথিপত্র নেই। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রেল পুলিস তাঁর হেফাজত থেকে দু’টি মোবাইল ফোনও আটক করে। তদন্তে পুলিস জানতে পারে, মোবাইলের সিম দু’টি বাংলাদেশের। তার পকেট থেকে মেলে হাওড়া‑দিল্লির একটি রেলের টিকিট। এদিন এই মামলায় চার্জ গঠনের দিন ধার্য ছিল। শুনানি চলাকালে ওই বাংলাদেশি যুবক বেআইনি অনুপ্রবেশের কথা স্বীকার করেন। এরপরই বিচারক তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন।



