Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬

বাংলাদেশে পালাতে চেয়েছিল সইফের হামলাকারী: পুলিস 

বাংলাদেশে পালাতে চেয়েছিল সইফের হামলাকারী: পুলিস 
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: টেলিভিশনের পর্দায় বারবার ভেসে উঠছিল তার ছবি। এতেই আতঙ্কিত হয়ে পড়ে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ। সোমবার মুম্বই পুলিস জানিয়েছে, গ্রেপ্তারির আগে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। রবিবার সকালে থানের হিরানন্দানি এস্টেটের কাছে একটি নির্মীয়মাণ মেট্রো স্টেশন সংলগ্ন শ্রমিক বসতির কাছে ঝোপঝাড়ের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আদালত তার পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশে জাতীয় স্তরে কুস্তি প্রতিযোগিতায় খেলত অভিযুক্ত। অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। মুম্বইতে ছিল গত পাঁচমাস ধরে। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
শরিফুলের মোবাইল পরীক্ষা করে দেখা গিয়েছে, বাংলাদেশে থাকা ভাইকে নানা নথি পাঠানোর অনুরোধ করেছে সে। তা থেকেই পুলিসের অনুমান, শরিফুল বাংলাদেশের নাগরিক। এমনকী, তার কাছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতোও কোনও নথি ছিল না। ওরলির একটি খাবারের দোকানে পরোটা কিনেছিল সে। সেখানে ডিজিটাল পেমেন্ট করে অভিযুক্ত। সেই সূত্র ধরে অভিযুক্তের থানের লোকেশনের খোঁজ পায় পুলিস। জেরায় সে স্বীকার করেছে হামলার কথা। বুধবার রাতে হামলার পর সারারাত একটি বাসস্টপে কাটিয়েছিল অভিযুক্ত। তারপর একটি ঠিকাদার সংস্থার কাছে কাজ চায়। বান্দ্রার পর ওরলি, আন্ধেরি, দাদার ঘুরে সে পৌঁছেছিল থানেতে। 
এই ঘটনার রাজনৈতিক টানাপোড়েনও অব্যাহত। দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। উদ্ধব থ্যাকারে পন্থী শিবসেনা নেতারা দাবি করেছেন, তারকা থেকে সাধারণ মানুষ—নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার। যদিও মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার এই দাবিকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ