Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে এবার মানবাধিকার কমিশনের সব সদস্যের ইস্তফা, হিন্দুদের রক্ষা করতে বলল উদ্বিগ্ন দিল্লি

শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে শিক্ষক, অধ্যাপক ও বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের পদত্যাগ করতে বাধ্য করা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে এবার মানবাধিকার কমিশনের সব সদস্যের ইস্তফা, হিন্দুদের রক্ষা করতে বলল উদ্বিগ্ন দিল্লি
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে শিক্ষক, অধ্যাপক ও বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের পদত্যাগ করতে বাধ্য করা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে রিপোর্ট দেওয়ার পরেই একযোগে পদত্যাগ করলেন বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য। কমিশনের চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ ও পাঁচ অন্য সদস্য তাঁদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। নিজের পদত্যাগপত্রে কামালউদ্দিন লিখেছেন, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। পদত্যাগের কোনও কারণ স্পষ্টভাবে লেখেননি তিনি। কমিশনের মুখপাত্র ইউশা রহমান জানিয়েছেন, সব সদস্য বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। তবে তাঁরা কেন পদত্যাগ করেছেন, তা নিয়ে মুখপাত্র কিছু জানাতে পারেননি। 
Advertisement
২০২২ সালে তত্কালীন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেছিলেন। দু’দিন আগেই কমিশনের তরফে মাসিক রিপোর্টে জানানো হয়, অক্টোবর মাসে দেশে গণপিটুনি, ধর্ষণ সহ অন্যান্য অপরাধের সংখ্যা বেড়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়, রাজনৈতিক কারণে হেনস্তা, রাজনৈতিক নেতাদের মারধরের মতো ঘটনাও বেড়েছে।  ওয়াকিবহাল মনে করছে, এই রিপোর্টের জেরেই রোষের মুখে পড়েছেন কমিশনের সদস্যরা। কারণ, অন্তর্বর্তী সরকারের আমলে বারেবারেই দেখা গিয়েছে, তথাকথিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাদের কাউকে পছন্দ না হলেই পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। ‘ছাত্র-নেতা’দের চাপে বন্ধ করে দিতে হয়েছে নাটকও। এমনকী আওয়ামি লিগের সহযোগী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার পিছনেও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাদের মদতের অভিযোগ উঠেছে। 
এদিকে, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বৃহস্পতিবার দিল্লির তরফে ঢাকার কাছে আবেদন করা হয়েছে যে, মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছে ভারত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার নিন্দা করেন। তিনি জানান, চট্টগ্রামে হিন্দুদের নিয়ে সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে। হিন্দুদের ভয় দেখানো হচ্ছে, প্রচুর সম্পত্তিও লুট করে নেওয়া হয়েছে। এসবের সঙ্গে মৌলবাদীরা জড়িত। রণধীর বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ