Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেল-ধুতরো ফল-আকন্দের মালার দাম আগুন, হাত দিয়েই ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত 

বেল-ধুতরো ফল-আকন্দের মালার দাম আগুন, হাত দিয়েই ছেঁকা খাচ্ছে মধ্যবিত্ত 
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিবরাত্রির পুজোয় দরকার বেল, আকন্দ, ধুতরো (কাঁটা) ফল, ধুতরো ফুল ইত্যাদি। একই সঙ্গে শিবের মাথায় চড়াতে হয় তিন থেকে পাঁচ রকমের ফল আর ঘি, দুধ‑গঙ্গাজল পৈতে। আজ, বুধবার শিবরাত্রি। আর আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকেই ফুলের বাজার রীতিমতো চড়া। 
Advertisement
শহরের বিভিন্ন খুচরো বাজারে ছোট আকারের আকন্দের মালা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। ধুতরো ও কাঁটা ফলের দাম দশ টাকা। অপরাজিতার বড় আকারের মালা ৬০‑৮০ টাকা। বড় গাঁদার মালা একটির দাম ৩০ থেকে ৪০। ছোট গাঁদার মালা ১০ থেকে ১৫ টাকা দাম। রজনীগন্ধার বড় মালা ৬০ থেকে ৮০ টাকায় বিকিয়েছে। ২০ থেকে ২৫ টাকা বেল পাতা ও কুচো ফুল। মাঝারি মাপের বেলের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। একটি বেল পাতার দাম দু’টাকা। বড় আকারের বেল ৩৫ থেকে ৪০ টাকা। তবে আপেল, জামরুল সহ কয়েকটি ফল বাদ দিয়ে অন্যান্য ফলের দাম মধ্যবিত্তের আয়ত্তের  মধ্যে ছিল। শশা ৪০ থেকে ৫০ টাকা, শাঁকালু ৬০ থেকে ৭০, পেয়ারা ৮০‑১০০ টাকা, কাঁঠালি কলা পাঁচ টাকা, নারকেল কুল ৮০‑১০০ টাকা দরে বিক্রি হয়েছে।
এছাড়া শিবরাত্রি ব্রত ঘিরে বিভিন্ন শিবমন্দিরে পুজো, হোম প্রভৃতি অনুষ্ঠিত হয়। কোথাও শিব ও হরগৌরীর পুজোও হয়। মঙ্গলবার শহরের দশকর্মা দোকানগুলিতেও ছিল পুজোর জিনিসপত্র কেনার ভিড়। অনেক পুজোয় খিচুড়ি ভোগের আয়োজন। ফলে মুদির দোকান ও সব্জির দোকানেও ছিল অন্য দিনের তুলনায় বেশি ভিড়। এদিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দিরগুলি ফুল-মালা, আলো দিয়ে সাজানো হয়। প্রাচীন মন্দিরগুলি রং করা হয়েছে। আজ ব্রত রক্ষায় কালীঘাট, ভূতনাথ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দিরে বহু ভক্ত আসবেন শিবের মাথায় জল ঢালতে। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিস বাড়তি সতর্ক। রাতে গঙ্গা লাগোয়া শিবমন্দির চত্বরে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
Advertisement
সম্পর্কিত সংবাদ