নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুই সন্তানের আবদার মেটাতে বিরিয়ানি কিনে বাইকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল যুবকের। রবিবার রাত ১০টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা বাজার সংলগ্ন টাকি রোডে। মৃতের নাম আজিজ মণ্ডল (৩০)। তাঁর বাড়ি মাটিয়া থানার কাঁকড়া উত্তরপাড়া গ্রামে। পুলিস ট্রাক ও চালককে আটক পেশায় দর্জি আজিজ রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হন। ছেলে ও মেয়ে বিরিয়ানি খাব বলে বায়না ধরেছিল বাবার কাছে। রাতে বিরিয়ানি নিয়ে আসবে বলেই ছেলেমেয়েদের কথা দিয়েছিলেন আজিজ। বাড়ি থেকে বেরিয়ে সে বিরিয়ানি আনতে বেড়াচাঁপা বাজারে যান। কিনে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই টাকি রোডে বারাসত থেকে একটি বালিবোঝাই ট্রাক তাঁকে পিষে দেয়।



