মুম্বই, ৩ ডিসেম্বর: অভিনয় ছাড়ছেন না। আজ, মঙ্গলবার স্পষ্ট করে দিলেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গতকাল, সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সবরমতী এক্সপ্রেস’ খ্যাত অভিনেতা লেখেন, ‘বুঝতে পারছি, এবার পরিবারকে সময় দেওয়া উচিত। ঘরে ফেরার সময় এসেছে। একজন স্বামী, বাবা এবং ছেলে হিসেবে পরিবারের পাশে থাকা প্রয়োজন। অবশ্যই একজন অভিনেতা হিসেবেও থাকব। আগামী ২০২৫-এ আমাদের শেষবারের মতো দেখা হবে। যতদিন না আবার সঠিক সময় আসছে।’ এই কথা বিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় লিখতেই রীতিমতো হইচই পড়ে যায়। ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন আচমকাই কেন এই সিদ্ধান্ত নিলেন বিক্রান্ত? এই প্রশ্নই ঘুরতে থাকে সর্বত্র। জল্পনা চলতে থাকে, তবে কী সিনেমা থেকে রাজনৈতিক ময়দানে নামছেন ‘টুয়েলথ ফেল’ খ্যাত অভিনেতা। না তেমনটা মোটেই নয়। আজ, মঙ্গলবার খোলসা করে তিনি বলেছেন, ‘আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে, যে আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। অভিনয়টাই আমি ভালোভাবে করতে পারি। আজ আমার কাছে যা কিছু আছে তার সবটাই পেয়েছি অভিনয় করেই। এই মুহূর্তে আমার মানসিক ও শারীরিক অবস্থা খারাপ। শুধুমাত্র কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যাতে আরও ভালোভাবে ভবিষ্যতে কাজ করতে পারি। এখন কেমন একটা একঘেঁয়ে লাগছে। নিজের স্বাস্থ্য ও পরিবারকে সময় দিতেই এই বিরতি নিচ্ছি। সবকিছু ঠিক মনে হলে ফের ফিরে আসব অভিনয় জগতে।’



