Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া মজুরির দাবিতে মাদারিহাটের হান্টাপাড়া ও ধুমচিপাড়া চা বাগানের শ্রমিকদের গেট মিটিং

বকেয়া মজুরির দাবিতে মাদারিহাটের হান্টাপাড়া ও ধুমচিপাড়া চা বাগানের শ্রমিকদের গেট মিটিং
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: দু’মাস ধরে বকেয়া মজুরি মিলছে না মাদারিহাটের হান্টাপাড়া ও ধুমচিপাড়া চা বাগানের শ্রমিকদের। আগামী ১ মার্চের মধ্যে বকেয়া না পেলে শ্রমিকরা এবার আমরণ অনশনের হুমকি দিলেন। সোমবার বকেয়া মজুরির দাবিতে দুই বাগানে এক ঘণ্টা করে গেট মিটিং করেন শ্রমিকরা। বিক্ষোভ দেখানোর সময় শ্রমিকরা এই অনশনের হুমকি দেন। এদিন তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে দু’টি বাগানে গেট মিটিং হয়।
Advertisement
তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের হাণ্টাপাড়া বাগানের ইউনিট কমিটির নেতা ধরমজিৎ মেহর বলেন, শ্রমিকদের দু’মাস ধরে বকেয়া মজুরি মিলছে না। বিনা মজুরিতে আমরা এভাবে আর কতদিন কাজ করব। তাই ১ মার্চের মধ্যে বকেয়া না মেটালে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব। মাদারিহাট পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পবন রাজগর বলেন, দু’টি বাগানের শ্রমিকদের দু’মাস ধরে বকেয়া মিলছে না। মালিকপক্ষের উচিত দ্রুত শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া। তা না হলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। মেরিকো ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর সুরজিৎ বক্সি অবশ্য বলেন, আমরা সাত বছর ধরে লিজ ছাড়াই বাগান চালাচ্ছি। লিজ না থাকায় ব্যাঙ্ক ঋণ মিলছে না। বাইরে থেকে ধার দেনা করে আমাদের বাগান চালাতে হচ্ছে। তার মধ্যে দিয়েও এই দু’টি চা বাগানের শ্রমিকদের দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা আমরা চালাচ্ছি। 
উল্লেখ্য, এদিন কালচিনির মধু বাগানের শ্রমিকরাও বকেয়ার দাবিতে গেট মিটিং করে বিক্ষোভ দেখিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ