Bartaman Logo
১০ জুন, ২০২৬

বাজেট অধিবেশন নিয়ে আজ   সর্বদলীয় বৈঠক, থাকবে তৃণমূল

বাজেট অধিবেশন নিয়ে আজ   সর্বদলীয় বৈঠক, থাকবে তৃণমূল
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী কাল, ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে আজ, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। বৈঠকে তৃণমূলের পক্ষে লোকসভা এবং রাজ্যসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন যোগ দেবেন। বাংলার বকেয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ইস্যুগুলি সংসদে আলোচনা দাবিতে তাঁরা সরব হবেন। ডেরেক বলেন, ‘মূল্যবৃদ্ধি, বেকারত্ব মতো সাধারণ মানুষের ইস্যুতে সরকার পালিয়ে বেড়াচ্ছে। শীতকালীন অধিবেশনে বিরোধীদের বলতে দেয়নি। বাজেট অধিবেশনে না বলতে দিলে ফের প্রতিবাদ হবে।’
Advertisement
অন্যদিকে, আজ বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়বে ‘ওয়াকফ বিল’ সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটির রিপোর্ট। ৬৫৫ পাতার যে রিপোর্টে প্রবল আপত্তি তুলেছে তৃণমূল। জমা করা হয়েছে কমিটির দুই সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের ৩২ পাতার ‘ডিসেন্ট নোট।’ ওয়াকফ সংশোধনী বিলটি আসন্ন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ ১০ মার্চ-৪ এপ্রিলের মধ্যে পাশ করাবে বলে ঠিক করেছে মোদি সরকার। যদিও নতুন বিলটি ‘মুসলমান বিরোধী’ বলেই তোপ দেগেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘সরকার পক্ষ গায়ের জোরে একপেশে সিদ্ধান্ত নিয়ে রিপোর্ট তৈরি করেছে। তাই এই রিপোর্ট আমরা মানি না।’ মোট ৩৭ দিন বৈঠকে বিভিন্ন সংস্থা, ব্যক্তিত্ব, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের মতো ওয়াকফ বিষয়ের সঙ্গে জড়িত ৬৮৩ জনের মতামত নেওয়া হয়েছে। সংসদীয় যৌথ কমিটি মোট ১১২ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা করেছে। কিন্তু ওই বৈঠক সবই ‘লোকদেখানো’ বলেই ডিসেন্ট নোটে উল্লেখ করেছে তৃণমূল।
Advertisement
সম্পর্কিত সংবাদ