নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাইস্পিড সড়ক বাড়ানো হবে। কিন্তু দুই বা চার লেনের হাইওয়ে কম নির্মাণ করা হবে। এরকমই নয়া নীতি নিয়েছে কেন্দ্র। তাই সাধারণ হাইওয়ে নির্মাণের লক্ষ্যমাত্রায় ভাটা পড়েছে। ২০২২ সালের বাজেটে ঘোষণা করা হয়েছিল, এক বছরের মধ্যে ২৫ হাজার কিলোমিটার হাইওয়ে নির্মাণ করা হবে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করা হয়নি। প্রতি বছর অর্থমন্ত্রী পরিকাঠামো তথা হাইওয়ে নির্মাণের প্রচুর ঘোষণা করেছেন। কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। তাই এবার সরাসরি দুই ও চার লেনের হাইওয়েতে কাটছাঁটের কোপ পড়ছে। ২০২২-২৩ আর্থিক বছরে হাইওয়ে নির্মাণ করা হয়েছিল প্রায় ১০ হাজার কিলোমিটার। বলা হয়েছিল টার্গেট ২৫ হাজার কিলোমিটার। ২০২৪-২৫ আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার কিলোমিটারও হাইওয়ে নির্মাণ করা যায়নি।
Advertisement
এক মাস পর আর্থিক বছর সমাপ্ত হয়ে যাচ্ছে। মোদি সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প অথবা ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনে ১১ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দের ঘোষণা করেছে। বলা হচ্ছে সরকার পরিকাঠামো উন্নয়নকেই সবথেকে বেশি জোর দিচ্ছে। অথচ সেই সময়ই দেখা যাচ্ছে, পরিকাঠামোর সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হাইওয়ে নির্মাণই কমিয়ে দেওয়া হচ্ছে। সেই আভাস পাওয়া যাচ্ছে বরাদ্দে। সাধারণ হাইওয়ে প্রকল্প অর্থাৎ চার লেনের হাইওয়ে নির্মাণে যেখানে বিগত আর্থিক বছরে ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই বরাদ্দ কমে হয়েছে ৩০ হাজার কোটি টাকা। শেষবার হাইওয়ে নির্মাণ সবথেকে বেশি হয়েছিল, ২০২১ সালে প্রায় ১৪ হাজার কিলোমিটার। তারপর থেকে পরিকাঠামোয় ব্যয় বরাদ্দ করা হবে বলে প্রচার বাড়ছে। অথচ বাস্তবে গতিশক্তির প্রধান মাধ্যমে হাইওয়ে নির্মাণ কমছে। একটি আর্থিক বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫ হাজার কিলোমিটার হাইওয়ে নির্মাণ— এই পরিস্থিতি সাম্প্রতিককালে কখনও আসেনি। সেই কারণেই প্রশ্ন উঠছে গ্রামীণ কর্মসংস্থান নিয়ে। কারণ ১০০ দিনের কাজ এবং হাইওয়ে, সেতুর মতো পরিকাঠামো নির্মাণেই সবথেকে বেশি কর্মসংস্থান হয়। হাইওয়ের প্রয়োজনীয়তা এবং সম্প্রসারণ যতটা প্রয়োজন, সেই তুলনায় এখন কেন্দ্র হাই স্পিড রোড করিডরের উপর দিচ্ছে। তাই চিরাচরিত হাইওয়ে নির্মাণ ধাক্কা খাবে। থমকে যাবে কর্মসংস্থান।



