Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বজরাপাড়া হরিবাসর কমিটির উদ্যোগে চার দিন হরিনাম কীর্তন

বজরাপাড়া হরিবাসর কমিটির উদ্যোগে চার দিন হরিনাম কীর্তন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মঙ্গলবার থেকে মালদহের গাজোলের কুড়ি মাইল এলাকায় বজরাপাড়া হরিবাসর কমিটির উদ্যোগে চার দিন ব্যাপী হরিনাম এবং পদাবলী কীর্তন শুরু হল। চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন ভোরে কীর্তনের সূচনা হয়। অনুষ্ঠানের অধিবাস উপলক্ষ্যে অগণিত ভক্ত বিশেষ শোভাযাত্রা সহকারে স্থানীয় চেকপোস্ট সংলগ্ন একটি পুকুরে গঙ্গা নিমন্ত্রণ ও জল ভরতে যান। সেখানে কীর্তনের দল এবং মহিলাদের অংশগ্রহণ নজর কাড়ে। কীর্তন কমিটি জানিয়েছে, আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার লীলা কীর্তন হবে। ১৪ ফেব্রুয়ারি শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ, কুঞ্জভঙ্গ ও ধুলোট উৎসব হবে। দুই দিনাজপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের কীর্তনের দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। 
Advertisement
উল্লেখ্য, ১৯৮০ সালে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে কীর্তনের সূচনা করেন। ৪৫ বছরেও সেই ঐতিহ্য অক্ষুন্ন রয়েছে। বর্তমানে বেশ কয়েক বছর ধরে কীর্তনের দায়িত্ব রয়েছে যুবকদের কাঁধে। কীর্তন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন বিশ্বজিৎ সর্দার, সম্পাদক শ্যামল মজুমদার, সহ সভাপতি বিপুল ভুঁইমালি, সহ যুগ্ম সম্পাদক সন্দীপ মজুমদার, বাবলু ভুঁইমালি, কোষাধ্যক্ষ সুশান্ত ভুঁইমালি এবং সহ যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে শিবনাথ মজুমদার ও মানিক ভুঁইমালি কমিটিতে রয়েছেন। বজরাপাড়া হরিবাসর কীর্তন কমিটির সভাপতি বিশ্বজিৎবাবু বলেন, আগে আমাদের পূর্ব পুরুষরা  কীর্তন পরিচালনা করতেন। এখন আমরা দেখছি। গ্রামের সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাশে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। আগামী দিনে মন্দিরের উন্নয়ন সহ বড় আকারে কীর্তনের আয়োজন করা আমাদের মূল লক্ষ্য। উৎসবে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ