সংবাদদাতা, কাটোয়া: সাতসকালেই চোখে পড়ল এক মর্মান্তিক ঘটনা। কাটোয়ার বাঁদরা গ্রামে গলা কেটে খুন হলেন এক মহিলা। মৃতের নাম চিন্তা মণ্ডল (৪৮)। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
সংবাদদাতা, কাটোয়া: সাতসকালেই চোখে পড়ল এক মর্মান্তিক ঘটনা। কাটোয়ার বাঁদরা গ্রামে গলা কেটে খুন হলেন এক মহিলা। মৃতের নাম চিন্তা মণ্ডল (৪৮)। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, এদিন ঘরের মেঝেতেই দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর দেরি না করে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর দেহটিকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়ে পুলিশের তরফে।
পুলিশ মারফত জানা গিয়েছে, কাটোয়া-পালিটা রোডের পাশে এক বাড়িতে একাই থাকতেন চিন্তাদেবী। একটি রোগে আক্রান্ত থাকার কারণে তাঁর স্বামী সুশান্ত মণ্ডল দুবছর আগেই মারা যান। পাশাপাশি ওই মহিলার মেয়ে প্রিয়াঙ্কা ঘোষের বিয়ে হয়ে গিয়েছে এবং ছেলে মনোজিৎ মণ্ডল কেরলে রাজমিস্ত্রীর কাজ করেন। এই ঘটনায় মৃতের দাদার অভিযোগ, সম্পত্তির জেরে তাঁর বোনকে অত্যাচার করত তারই ভাশুর। এই খুনের ঘটনার নেপথ্যে ভাশুরের হাত থাকতে পারে দাবি জানান তিনি। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলার ভাশুর ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইতিমধ্যেই। কে বা কী কারণে এই ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।