নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ফের লাগামছাড়া মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক তথা দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা। দলের সভা থেকে ওন্দা ব্লক প্রশাসনের আধিকারিকদের একাংশকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন তিনি। শনিবার বিকেলে ওন্দা ব্লকের পুনিশোল অঞ্চলের নতুনগ্রামে বিজেপি-র তরফে কর্মিসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ প্রশাসনের আধিকারিকদের ‘টার্গেট’ করেন। পাশাপাশি ভূতুড়ে ভোটার ইস্যুতে তিনি তৃণমূলকেও আক্রমণ করেন। অমরনাথ বলেন, রাজ্যের এক মন্ত্রীর আত্মীয় ওন্দা ব্লক প্রশাসনে কর্মরত রয়েছেন। তিনি ও অন্য কয়েকজন আধিকারিক মিলে নিরপেক্ষভাবে কাজ করছেন না। ঠিকাদারদের মধ্যে কাজ বণ্টনের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় দেখা হচ্ছে। আমরা শীঘ্রই ১০০টি ছোট গাড়িতে করে লোক নিয়ে গিয়ে ওন্দায় জড়ো করব। তারপর বিডিও অফিস ঘেরাও করা হবে। পক্ষপাতিত্ব করা আধিকারিকদের বিডিও অফিস থেকে না তাড়িয়ে ফিরব না। তিনি আরও বলেন, তৃণমূলই এতদিন ধরে তালিকায় ভূতুড়ে ভোটার ঢুকিয়েছিল। এখন ‘চোরের মায়ের বড় গলা’ হয়েছে। কর্মসূত্রে ভিন রাজ্যের অনেকে এখানে এসে ভোটার তালিকায় নাম তুলেছেন। তাঁদের ‘টার্গেট’ করা হচ্ছে। এটা মেনে নেব না। এদিকে, রাজনৈতিক সভা থেকে করা মন্তব্য নিয়ে ওন্দা ব্লক প্রশাসনের কোনও আধিকারিক প্রতিক্রিয়া দিতে চাননি। জেলা প্রশাসনের আধিকারিকরাও এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, আমাদের সরকারের আমলে পুলিস-প্রশাসনের আধিকারিকরা নিরপেক্ষভাবে কাজ করেন। আসলে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে বিজেপি-র নির্বাচনে বাজিমাত করার প্রয়াস আমরা বানচাল করে দিতেই গেরুয়া শিবিরের টনক নড়ে গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভরাডুবির আঁচ পেয়েই বিজেপি নেতারা প্রলাপ বকতে শুরু করেছেন।



