Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে আজ অভিযান বিজেপির, উন্নয়নের চিত্র দেখার আর্জি স্পিকারের

শাসকদল তৃণমূলের কথায় চলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল বিজেপির বক্তব্য বিমানবাবু শুনছেন না। বিরোধী দলকে যোগ্য সম্মানও দেওয়া হচ্ছে না।

বারুইপুরে আজ অভিযান বিজেপির, উন্নয়নের চিত্র দেখার আর্জি স্পিকারের
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাসকদল তৃণমূলের কথায় চলছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দল বিজেপির বক্তব্য বিমানবাবু শুনছেন না। বিরোধী দলকে যোগ্য সম্মানও দেওয়া হচ্ছে না। এই অভিযোগ এনে আজ, বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে অভিযান করবেন বিজেপি বিধায়করা। একাধিক কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরের বিধায়কদের। যার পরিপ্রেক্ষিতে বিমানবাবু জানিয়েছেন, সবুজ বারুইপুর ঘুরে দেখে উপভোগ করুন বিজেপি বিধায়করা।

Advertisement

বিধানসভার অধিবেশনে শাসক ও বিরোধী দলের জন্য সমান সংখ্যক সময় বরাদ্দ থাকে। সেইমতো প্রশ্নোত্তর পর্ব থেকে বিধানসভার অধিবেশনের বিভিন্ন পর্যায়ে শাসক ও বিরোধী দলকে বক্তব্য রাখার সুযোগ দেন স্পিকার। কিন্তু এই ছবিও দেখা গিয়েছে, বিধানসভার অধিবেশনে কাগজ ছিঁড়ে, হট্টগোল বাঁধিয়েছেন বিজেপি বিধায়করা। যে কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি তুলে ধরতে চাইছে, বিধানসভার স্পিকার পক্ষপাতিত্ব করছেন। বিরোধীদের বিধানসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। যার প্রতিবাদে স্পিকারের বিধানসভা কেন্দ্রে কর্মসূচি নেওয়া হয়েছে। 
আজ বিধানসভার অধিবেশনের পর দুপুরে বারুইপুরে যাবেন বিজেপি বিধায়করা। বারুইপুর রাসমাঠ থেকে জেলা পুলিস সুপারের অফিস পর্যন্ত মিছিল ও সভার কর্মসূচি রয়েছে তাঁদের। এই কর্মসূচিতে বিজেপির অন্যান্য নেতারাও থাকবেন। এই অভিযান নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলেছেন, যাঁরা মিটিং মিছিল করতে যাচ্ছেন, তাঁরা আইন মেনেই কর্মসূচি পালন করবেন, এটাই প্রত্যাশা। বিজেপির বিধায়ক ও নেতারা ঘুরে দেখুন, সবুজে ঢাকা বারুইপুর কীভাবে উন্নয়নের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। জল, রাস্তা, আলো, ব্রিজ সহ সৌন্দর্যায়ন উপভোগ করুন বিজেপি নেতারা।
বিজেপির কর্মসূচির পরের দিন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হবে। বারুইপুর পশ্চিম ব্লকের সভাপতি গৌতম দাস বলেন, বিজেপির কর্মসূচির পর বৃহস্পতিবার আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ