Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট ও গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির মণ্ডল সভাপতি ঘোষণা হতেই প্রকাশ্যে এল গোষ্ঠীদ্বন্দ্ব। খোদ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় তাঁর অনুগামীকে মণ্ডল সভাপতি না করায় জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে জোর শোরগোল পড়েছে। এমনকী বালুরঘাটেও মণ্ডল সভাপতি ঘোষণা করতে পারেনি বিজেপি নেতৃত্ব। একই ভাবে তপন, কুশমণ্ডিতেও মণ্ডল সভাপতি ঘোষণা করতে দল ব্যর্থ। জেলার মোট ২৬টি মণ্ডলের মধ্যে ১৭টিতে সভাপতি ঘোষণা করা হয়েছে।
Advertisement
বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, এটা সাংগঠনিক প্রক্রিয়া। সত্যেনবাবু নিজের মতামত প্রকাশ করতেই পারেন। ধীরে ধীরে সব মণ্ডলে সভাপতি ঘোষণা করা হবে। গঙ্গারামপুরের বিধায়কের বক্তব্য, যাঁদের আমার বিধানসভায় মণ্ডল সভাপতি করা হয়েছে বিশেষ করে করদহ, বিকাহারে, তাঁদের আমি চিনিই না। আমি এনিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও জানিয়েছি। আগের বিধানসভায় আমাকে হারানোর চক্রান্ত দলের তরফে করা হয়েছিল। এবারেও করা হচ্ছে। আমি নিরুপায় হয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি। সত্যেনবাবুর অভিযোগ নিয়ে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ফোন করা হলেও জবাব মেলেনি। উত্তর আসেনি মেসেজেরও।
রবিবার সন্ধ্যায় বিজেপির জেলা নেতৃত্ব বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে ২৬টি মণ্ডলের মধ্যে ১৭টির সভাপতির নাম ঘোষণা করে। সোমবার সকালে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ক্ষোভ উগরে দেন গঙ্গারামপুরের বিধায়ক। তাঁর পোস্ট ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি সূত্রে খবর,মণ্ডল সভাপতি কাকে করা হবে তা নিয়ে দলের তরফে বৈঠক ডাকা হয়। সেখানে তিন বিধায়ক গরহাজির ছিলেন। পদ্ম পার্টি সূত্রে জানা গিয়েছে,বালুরঘাট বিধানসভার চারটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করতে পারেনি নেতৃত্ব। একই ভাবে বালুরঘাট ব্লকের অন্দরে পতিরাম, নাজিরপুর, অন্যদিকে ডাঙ্গা, গোপালবাটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তপন বিধানসভার দু’টি মণ্ডল এবং কুশমণ্ডির তিনটি মণ্ডলের সভাপতির নামও ঘোষণা করতে পারেনি পদ্ম পার্টি। বিষয়টি ভালোভাবে দেখছেন না দলের একাংশ নেতা-কর্মীই।  
ওয়াকিবহাল মহলের মতে, জেলার বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্বের একাংশের মতের মিল নেই। সেজন্যই হয়তো বিধায়করা বৈঠকে অনুপস্থিত ছিলেন। যদিও বিজেপি বিধায়করা এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ