সংবাদদাতা, বসিরহাট: বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বসিরহাটে পোস্টার। ২০২১ সালে বিজেপির জেলা সভাপতি ছিলেন তারক ঘোষ, সম্পাদক ছিলেন তন্ময় পাল। পোস্টারে অভিযোগ করা হয়েছে, সেই বছর বিধানসভা ভোট শেষ হওয়ার পরে দলীয় কর্মী, সমর্থকরা বিপদে পড়লে ফোন সুইচড অফ করে বাড়িতে বসেছিলেন তারকবাবু। গ্রামাঞ্চলের কর্মীরা চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তৃণমূলের থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে দিয়েছেন তিনি। আর তন্ময় পালের বিরুদ্ধে অভিযোগ, অমিত শাহের জনসভা সংগঠিত করতে গিয়ে চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। তৃণমূলের সঙ্গে সেটিং করে বিপদে পড়া কর্মীদের ফোন না ধরার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও।
Advertisement
এই বিষয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে। এক ব্যবসায়ীর কাছ থেকে রাজ্য পার্টি অফিস করার নাম করে টাকা নেওয়ার ও হুমকি দেওয়ার অভিযোগও আছে তাপস ঘোষের বিরুদ্ধে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ওই ব্যবসায়ী অভিযোগও জানিয়েছেন। তবে তারক ঘোষ বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা বিরোধীদের চক্রান্ত। আমি দলকে সব জানাবো। আর তন্ময় পালকে বারবার ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।



