Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনা কেনার নাম করে প্রতারণা, হাওড়ায় ধৃত বিজেপির যুব নেতা

পুরানো সোনা কেনার নাম করে কলকাতা পুলিশের এক কর্মীর ছেলের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগে হাওড়ার জয়পুর থানার ঝিকিরা এলাকার বিজেপির যুবনেতাকে নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

সোনা কেনার নাম করে প্রতারণা, হাওড়ায় ধৃত বিজেপির যুব নেতা
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুরানো সোনা কেনার নাম করে কলকাতা পুলিশের এক কর্মীর ছেলের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগে হাওড়ার জয়পুর থানার ঝিকিরা এলাকার বিজেপির যুবনেতাকে নিমতা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কৌশিক মণ্ডল। তাকে হেপাজতে নিয়ে সোনা উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি আর কার কার সঙ্গে সে প্রতারণা করেছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। জানা গিয়েছে, নিমতার পাইকপাড়া এলাকায় কলকাতা পুলিশ ওই কর্মীর বাড়ি। ওই পুলিশ কর্মীর ছেলের এক বন্ধুর আদি বাড়ি ঝিকিরা এলাকায়। তাঁরাও নিমতায় থাকেন। সেই সূত্রে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বন্ধুর মাধ্যমে যুবক জানতে পারেন, ঝিকিরায় কার্যত নতুন সোনার দামে পুরানো সোনা কেনে কৌশিক মণ্ডল। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ওই যুবক মায়ের পুরানো সোনা কৌশিকের কাছে নিয়ে যান। অভিযোগ, কৌশিক তাঁদের প্রতারণা করে নামমাত্র টাকায় ওই সোনা কিনে নেয়। পরে বিষয়টি জানতে পেরে কৌশিকের সঙ্গে কথা বলে সোনা ফিরিয়ে দিতে বলেছিলেন যুবকের বাবা তথা কলকাতা পুলিশের ওই কর্মী। কৌশিক তাতে রাজি না হওয়ায় নিমতা থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ