Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কাউন্সিলারের বাড়িতে দা নিয়ে হামলা, গ্রেপ্তার বিজেপি কর্মী

বেশ কিছু দিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। আর সেই পর্বে মঙ্গলবার সাতসকালে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামে

তৃণমূল কাউন্সিলারের বাড়িতে দা নিয়ে হামলা, গ্রেপ্তার বিজেপি কর্মী
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেশ কিছু দিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল। আর সেই পর্বে মঙ্গলবার সাতসকালে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মধ্যমগ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী লোকনাথ দাস হাতে ধারালো দা নিয়ে তৃণমূল কাউন্সিলার সুশান্ত রায়ের বাড়িতে হামলা চালায়। কাউন্সিলারের স্ত্রীর উপরে হামলা চালানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। লোকনাথ দাসকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। 

Advertisement

মধ্যমগ্রাম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার সুশান্ত রায়ের বাড়ি। এদিন সকালে দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন সুশান্ত। স্ত্রী রূপালিদেবী বাইরে কাজ করছিলেন। আচমকা বিজেপি নেতা লোকনাথ দাস হাতে ধারালো দা নিয়ে কাউন্সিলারের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। নজরে আসতেই কাউন্সিলারের স্ত্রী গালিগালাজের কারণ জানতে চান। অভিযোগ, এরপর বিজেপি কর্মী রূপালির উপর হামলার চেষ্টা করেন। রূপালি অবশ্য বাড়ির ভিতরে ঢুকে প্রাণ বাঁচান। তাঁর চিৎকার শুনে সুশান্ত রায় সহ স্থানীয়রা চলে আসেন। তার আগেই চম্পট দেয় বিজেপি নেতা লোকনাথ। ভোটের মুখে মধ্যমগ্রাম পুরসভার কাউন্সিলারের বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। এরপর সুশান্তবাবু মধ্যমগ্রাম থানায় লোকনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ জানান। তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত লোকনাথকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকা দখল নিয়ে সুশান্তর সঙ্গে লোকনাথের বিবাদ চলছিল। ভোট ঘোষণার পর তা বড়ো আকার নেয়। মূলত, এলাকায় দেওয়াল দখল করা নিয়ে দুই নেতার মধ্যে বিবাদ ছিল বেশ। একে অপরকে হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। আর সেই পর্বে এদিন সাতসাকলে এই হামলার ঘটনা ঘটে। 
এনিয়ে তৃণমূল কাউন্সিলার সুশান্ত রায় বলেন, ভোটের আগে পরিকল্পনা করেই এই হামলা। অল্পের জন্য আমার স্ত্রী বেঁচে গিয়েছেন। আমরা বিজেপির সন্ত্রাসের কাছে মাথা নত করব না। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কাউন্সিলারের দিক থেকে হয় তো কোনো প্ররোচনা ছিল। আসলে সবটাইতেই রাজনীতির রং দেখে তৃণমূল। স্থানীয়দের দাবি, ভোটের আগে এমন ঘটনায় উত্তেজনা বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ