নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের বিরুদ্ধে ‘মিসিং পোস্টার’। এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের বিরুদ্ধে ‘মিসিং পোস্টার’। এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির।
রবিবার সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে একটি মিসিং পোস্টার ভাইরাল হয়। যেখানে শ্রীরূপা মিত্রের ছবি দিয়ে তার নীচে এবং ওপরে লাল রং দিয়ে ইংরেজিতে লেখা ‘মিসিং’। ওই পোস্টারের নীচের দিকে লেখা রয়েছে, নিখোঁজ বিধায়িকা। শেষ দেখা গিয়েছিল ভোটের সময়। তারপর থেকেই নিখোঁজ।
বিধায়কের অনুপস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন দলের মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। বিধায়কের শারীরিক সমস্যার উল্লেখ করে তাঁর মন্তব্য,শ্রীরূপাদেবী দু’বার করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর ফুসফুসে ৮৫ শতাংশে প্রভাব পড়েছে। দ্বিতীয়ত তাঁর স্বামীও প্রয়াত হয়েছেন। তাছাড়া বিধায়ককে দিল্লি ও ইংলিশবাজার দু’জায়গাতেই থাকতে হয়। কোনও সমস্যা হলে দলীয়ভাবে তা মিটিয়ে দেওয়া হয়। শ্রীরূপাদেবীর বিরুদ্ধে মানুষের যদি এতই ক্ষোভ থাকত তাহলে লোকসভা নির্বাচনে ইংলিশবাজারে সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে থাকতেন না।
বিরোধীদের অভিযোগ,২০২৪ এর লোকসভা নির্বাচনে ইংলিশবাজারের বিধায়ক শ্রীরূপাকেই মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে দাঁড় করায় বিজেপি। সেই সময় ভোট প্রচারে দেখা গেলেও সবকিছু মিটতেই তাঁকে আর এলাকায় দেখা যায়নি। এদিকে এ ব্যাপারে রবিবার শ্রীরূপাকে ফোন করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। তাঁকে মেসেজ করা হলেও উত্তর দেননি। বিজেপি বিধায়কের ‘মিসিং পোস্টার’ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, তাঁকে বিধানসভার বাইরে, ভিতরে কোথাও দেখতে পাইনি। তিনি সারা বছর থাকেন না। ভোটের সময় এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট নিয়ে চলে যান।