সংবাদদাতা, আলিপুরদুয়ার: দোলের পরই বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। দলের জেলা সভাপতি পদে ইতিমধ্যেই ছ’জনের নাম পাঠিয়েছে গেরুয়া শিবির। তবে কার ভাগ্যে এই পদ জুটবে, তা নিয়ে দলের নিচু তলায় জোর চর্চা শুরু হয়েছে।
সংবাদদাতা, আলিপুরদুয়ার: দোলের পরই বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। দলের জেলা সভাপতি পদে ইতিমধ্যেই ছ’জনের নাম পাঠিয়েছে গেরুয়া শিবির। তবে কার ভাগ্যে এই পদ জুটবে, তা নিয়ে দলের নিচু তলায় জোর চর্চা শুরু হয়েছে।
বিজেপি সূত্রের খবর, এবার দলের কোনও বিধায়ককে জেলা সভাপতি করা হচ্ছে না। জেলায় তিন বিধায়ক বিজেপিতে টিকে রয়েছেন। কুমারগ্রামের মনোজ ওরাওঁ, ফালাকাটার দীপক বর্মন এবং কালচিনির বিশাল লামা। এরমধ্যে দীপকবাবু আবার দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে। সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। একবছর পরে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পদ্মশিবির এবার দলীয় বিধায়কদের জেলা সভাপতি না করার সিদ্ধান্ত নিয়েছে।
তাহলে কি আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাই ফের দলের জেলা সভাপতির দায়িত্ব পাচ্ছেন? না কি, বিজেপি এবার আনকোরা মুখকে দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি করবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জেলা কর্মী সমর্থকদের মধ্যে।
বিজেপির সাংগঠনিক স্টেট রিটার্নিং অফিসার তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক দীপকবাবু বলেন, একবছর পরই বিধানসভা নির্বাচন। সেই ভোটের কথা মাথায় রেখে দল সিদ্ধান্ত নিয়েছে, কোনও দলীয় বিধায়ককে দলের জেলা সভাপতি করা হবে না। দলের জেলা সভাপতির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ছ’জনের নাম পাঠানো হয়েছে।
তাহলে কি দলের পরবর্তী মনোজ টিগ্গাকে ফের জেলা সভাপতি করা হচ্ছে?
এই প্রশ্নের উত্তরে দীপকবাবু বলেন, দলীয় এমপি জেলা সভাপতি হতে পারবেন না তা কিন্তু দল কোথাও বলেনি? তবে কে জেলা সভাপতি হবেন তা দলের কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবে। দোলের পরই জেলা সভাপতির নাম ঘোষণা হবে।
বিজেপি সূত্রে খবর, দলের জেলা সভাপতি পদে যে ছ’জনের নাম পাঠানো হয়েছে তার মধ্যে মিঠু দাস এবং পরিতোষ দাসের নামও রয়েছে। মিঠুবাবু দলের জেলা সাধারণ সম্পাদক। পরিতোষবাবু জেলা কমিটির কোষাধ্যক্ষ। যদিও মিঠুবাবু বলেন, কে দলের জেলা সভাপতি হবেন বা জেলা সভাপতি হিসাবে কাদের নাম পাঠানো হয়েছে এনিয়ে আমি কিছু জানি না। দলই ঠিক করবে কে দলের জেলা সভাপতি হবেন।